কাবুল, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে তালেবানরা এতদিনকার শক্ত ঘাঁটি দক্ষিণ ও পূর্বাঞ্চল থেকে এবার দেশের উত্তর ও পশ্চিমে গিয়ে অবস্থান মজবুত করতে শুরু করেছে। দেশটিতে ন্যাটোর কমান্ডার সোমবার এক সাক্ষাৎকারে একথা বলেছেন।
মার্কিন সেনাবাহিনীর জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল বলেছেন, পুনরায় শক্তিসঞ্চয় করা তালেবানরা বিদেশি সেনাদের মোকাবেলায় এই নতুন কৌশল নিয়েছে। আরও কয়েক মাস তালেবানদের ক্ষয়ক্ষতি করার ক্ষমতা অব্যাহত থাকবে বলেও তিনি সতর্ক করে দেন।
"এরা এখন খুবই আগ্রাসী শত্র"" দ্যা ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে বলেন স্ট্যানলি। "তাদের এই অগ্রযাত্রা আমাদের থামাতে হবে। তাদের উদ্যোগ থামাতে হবে। তবে এটা বেশ কষ্টসাধ্য হবে।"
২০০১ সালে মার্কিন নেতৃাত্বাধীন বাহিনীর অভিযানে উৎখাত হওয়ার পর এ বছর আফগানিস্তানে সহিংসতা সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। গত জুলাইয়ে দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবানদের বিরুদ্ধে পশ্চিমা বাহিনীর বড় ধরনের অভিযান শুরু হওয়ার পর নাটকীয়ভাবে তা আরও বেড়েছে।
আত্মঘাতী বোমারু ও বন্দুকধারীরা গত কয়েকমাস ধরে দক্ষিণ ও পূর্বাঞ্চলে নিয়মিত সরকারি ভবনসহ আফগান ও বিদেশি সেনাদের ওপর হামলা চালাচ্ছে। এরইমধ্যে কয়েক হাজার মার্কিন মেরিন ও ব্রিটিশ সেনা হেলমান্দ প্রদেশের জনবহুল এলাকা থেকে বিতাাড়িত করার অভিযানে নেমেছে।
এতে পশ্চিমাবাহিনীর হতাহতের সংখ্যা বাড়ছে। জুলাই মাসে কমপক্ষে ৪১ জন মার্কিন সেনা নিহত হয়েছে। এর আগে সবচেয়ে বেশি- ২৬ মার্কিন সেনা মারা গিয়েছিল গত সেপ্টেম্বরে। জুলাইয়ে সবমিলিয়ে মারা গেছে ৭১ বিদেশি সেনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৫৮ ঘ.
bdnews24