কলোম্বো, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- শ্রীলঙ্কা কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নতুন এলটিটিই প্রধান সেলভারাজা পাথমানাথন শ্রীলংকায় আছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু তিনি কোথায় প্রেপ্তার হয়েছেন তা নিয়ে রহস্য কাটেনি। শ্রীলংকার সেনাবাহিনী বৃহস্পতিবার পাথমানাথন ব্যাংককে গ্রেপ্তার হয়েছেন বলে জানালেও শুক্রবার থাই-প্রধানমন্ত্রী জানান, তিনি থাইল্যান্ডে গ্রেপ্তার হননি।
পাথমানাথন কোথায় গ্রেপ্তার হয়েছেন তা বলতে অস্বীকৃতি জানিয়ে শ্রীলংকা সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার উদয় নানায়াক্কারা বলেছেন, "তিনি কলোম্বোর কাস্টডিতে আছেন। তাকে জেরা করা হচ্ছে।"
এর আগে নানায়াক্কারা জানিয়েছিলেন, পাথমানাথন থাইল্যান্ডে গ্রেপ্তার হয়েছেন। কিন্তু থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিসিৎ ভেজ্জাজিভা রয়টার্সকে নিশ্চিত করে জানান, পাথমানাথন থাইল্যান্ডে নয়, অন্য কোনও দেশে গ্রেপ্তার হয়েছেন।
ওদিকে, এলটিটিই ইমেইলে পাঠানো এক বিবৃতিতে জানিয়েছে, পাথমানাথনকে বুধবার গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার গোয়েন্দা কর্মর্তারা। কিন্তু মালয়েশিয়া কর্তৃপক্ষ একথা অস্বীকার করেছে।
কূটনৈতিক স্বার্থে পাথমানাথন গ্রেপ্তারের বিষয়টি নিয়ে কোনও কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন শ্রীলংকার কর্মকর্তারা। শ্রীলংকার নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে বলেন, বিষয়টি স্পর্শকাতর। সরকার সংশ্লিষ্ট সব পক্ষের ইচ্ছাকেই মূল্য দিতে চায়।"
কূটনীতিকরা বলছেন, ২০০৭ সালে থাই কর্তৃপক্ষ পাথমানাথনকে গ্রেপ্তার করে এবং বিষয়টি প্রকাশ না করার শর্তে তাকে শ্রীলংকায় হস্তান্তরে রাজি হয়। কিন্তু শ্রীলংকা তার গ্রেপ্তারের খবর প্রকাশ করে দিলে পাথমানাথন পালিয়ে যান। থাইল্যান্ডও আর খকনও তিনি কাস্টডিতে ছিলেন বলে স্বীকার করেনি ।
শ্রীলংকায় গত মে মাসের সেনা অভিযানে 'লিবারেশন টাইগার্স অব তামিল ইলম' (এলটিটিই)'র প্রতিষ্ঠাতা ভেলুপিল্লাই প্রভাকরণের মৃত্যুর পর পাথমানাথন দলটির প্রধান হন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ নেটওয়ার্ক ইন্টারপোলের দুটো গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
কেপি নামে পরিচিত পাথমানাথন দীর্ঘদিন ধরে এলটিটিই'র অস্ত্র ও চোরাচালান নেটওয়ার্ক পরিচালনা করে এসেছেন।
এলটিটিই'র বিরুদ্ধে লড়াইয়ে গত ১৮ মে শ্রীলংকার সেনাবাহিনীর জয় ঘোষণার মধ্য দিয়ে দেশে ২৫ বছরের গৃহযুদ্ধ শেষ হয়।
এরপর পাথমানাথন অহিংস পন্থায় স্বাধীন তামিল রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাওয়ার ঘোষণা দেন। এক্ষেত্রে তার প্রথম উদ্যোগের মধ্যে রয়েছে নির্বাসিত তামিল সরকার গঠনের চেষ্টা করা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৫৫ ঘ.
bdnews24