ইসলামাবাদ, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তান বৃহস্পতিবার বলেছে, ভারতের দেওয়া তথ্যপ্রমাণ জঙ্গি নেতা হাফিজ সাঈদকে গ্রেপ্তারের মামলাটিকে শক্ত করতে পারেনি। নভেম্বরের মুম্বাই হামলার জন্য সাঈদের গঠন করা লস্কর-ই-তাইয়্যেবাকে দায়ী করে ভারত গত শনিবার তার বিষয়ে নতুন তথ্যপ্রমাণ পাকিস্তানকে দিয়েছিল।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল বাসিতের এই বক্তব্য নিশ্চিতভাবে ভারতের উদ্বেগকে বাড়িয়ে দেবে। পাকিস্তান অভিযুক্ত জঙ্গিদের বিচার করা থেকে পিছিয়ে আসছে- কিছুদিন থেকেই এই অভিযোগ করে আসছিল নয়াদিল্লি। শনিবার নতুন তথ্যপ্রমাণ দিয়ে ভারত বলেছে, সাঈদসহ লস্করের নেতাদের বিচার করার মতো পর্যাপ্ত প্রমাণ পাকিস্তানের কাছে আছে।
বাসিত বলেছেন, পাকিস্তান মামলাটি এগিয়ে নিয়ে যাচ্ছে তবে ভারতের দেওয়া তথ্য কাজে আসেনি।
সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "... হাফিজ সাঈদের ব্যাপারে সরবরাহ করা তথ্যপ্রমাণ যথেষ্ট নয় এবং তা মামলাটি চালু করতে তথা আইনিভাবে এগিয়ে নিতে আমাদের হাতকে শক্তিশালী করেনি।"
মুম্বাই হামলার পর আল কায়েদার সমর্থক গোষ্ঠী ও ব্যক্তিদের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গৃহীত একটি তালিকায় সাঈদের নামও অন্তর্ভুক্ত হওয়ায় পর পাকিস্তান তাকে গ্রেপ্তার করেছিল।
কিন্তু গত জুনে লাহোর হাইকোর্ট তথ্যপ্রমাণ নেই জানিয়ে তাকে মুক্তি দিলে সরকার তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য সুপ্রিমকোর্টে আবেদন জানায়।
সুপ্রিম কোর্ট কয়েকদিন আগে এ বিষয়ে শুনানি নতুন তারিখ উল্লেখ না করে মুলতবি ঘোষণা করে। সাঈদের আইনজীবী জানান, সরকারি কৌঁসুলিরা শুনানির জন্য প্রস্তুত না থাকায় তা মুলতবি করা হয়।
২০০১ সালের ডিসেম্বরে ভারতীয় পার্লামেন্টে হামলার পরপরই সাঈদ লস্কর থেকে পদত্যাগ করেন তবে একটি দাতব্য সংস্থার প্রধান পদে বহাল থাকেন। ওই দাতব্য সংস্থাটিও জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত হয়। ভারতীয় পার্লামেন্টে হামলার পর পাকিস্তান লস্কর-ই-তাইয়্যেবাকে নিষিদ্ধ ঘোষণা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০৩০ ঘ.
bdnews24