কলকাতা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকদিন রোগভোগের পর সিপিআই (এম) এর জ্যেষ্ঠ নেতা এবং পশ্চিমবঙ্গের যোগাযোগ, ক্রীড়া ও যুব মন্ত্রী সুভাষ চক্রবর্তী সোমবার স্থানীয় একটি হাসপাতালে মারা গেছেন।
ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই এ খবর দিয়েছে।
মৃত্যুকালে সুভাষ চক্রবর্তী (৬৮) স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
দলীয় সূত্রে জানানো হয়, সুভাষ চক্রবর্তী ক্যান্সার ও অন্যান্য জটিলতা নিয়ে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হন। সোমবার সকাল ১১টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অবস্থার অবনতি হলে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুসহ দলের জ্যেষ্ঠ নেতারা তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।
বিমান বসু জানিয়েছেন মঙ্গলবার তার মরদেহ সিপিআই (এম) এর বারাসাত, বিরাটি এবং চব্বিশ পরগনা জেলার নাগেরবাজার কার্যালয়ে নিয়ে যাওয়া হবে।
তিনি আরও বলেন, মঙ্গলবার সুভাস চক্রবর্তীর মরদেহ সল্ট লেক ও দমদমের বাড়িতে নিয়ে যাওয়া হবে। এরপর নেওয়া হবে তার শিক্ষায়তন মতিঝিল কলেজ, সল্ট লেক এলাকার যুবভারতী ক্রীড়াঙ্গন, আলীমুদ্দিন স্ট্রিটে দলের কেন্দ্রীয় কার্যালয় এবং রাইটার্স বিল্ডিংয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এসকে/২৩৫৯ঘ.
bdnews24