২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের প্রেসিডেন্ট পদে খামেনির অনুমোদন পেলেন আহমাদিনেজাদ

ইরানে ১২ জুনের বিতর্কিত নির্বাচনের পর সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোমবার আনুষ্ঠানিকভাবে ২য় মেয়াদে মাহমুদ আহমাদিনেজাদের প্রেসিডেন্সি অনুমোদন করেছেন। ইরানের রাষ্ট্রীয় টিভি একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2009, 07:46 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

তেহরান, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে ১২ জুনের বিতর্কিত নির্বাচনের পর সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোমবার আনুষ্ঠানিকভাবে ২য় মেয়াদে মাহমুদ আহমাদিনেজাদের প্রেসিডেন্সি অনুমোদন করেছেন। ইরানের রাষ্ট্রীয় টিভি একথা জানিয়েছে। আরবী ভাষার আল-আলম টিভি জানিয়েছে, "আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং সুপ্রিম নেতা (আয়াতুল্লাহ আলী খামেনি) আহমাদিনেজাদের প্রেসিডেন্সি অনুমোদন করেছেন।" খামেনি এর আগে ১২ জুনের প্রেসিডেন্ট নির্বাচনের ফল অনুমোদন করেছিলেন এবং বিক্ষোভ-সহিংসতা বন্ধের দাবি জানিয়েছিলেন। নির্বাচন পরবর্তী সহিংসতায় ইরানে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। নির্বাচনে হেরে যাওয়া মধ্যপন্থী প্রার্থী মীর হোসেন মুসাভি এবং মেহদি কারুবি নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ করে ইরানের পরবর্তী সরকারকে অবৈধ আখ্যা দিয়েছেন। কিন্তু ইরানের কর্মকর্তারা নির্বাচনে কোনওরকম জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছেন। ইরানের নির্বাচনে কট্টরপন্থী প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে ৬৩ শতাংশ ভোটে জয়ী ঘোষণা করে গার্ডিয়ান কাউন্সিল। অন্যদিকে, তার প্রধান প্রতিপক্ষ মুসাভি পেয়েছিলেন ৩৪ শতাংশ ভোট। আহমাদিনেজাদ বুধবার পার্লামেন্টে প্রেসিডেন্ট পদে শপথ নেবেন। তারপর মন্ত্রিসভার সদস্যদের নামের তালিকা দেওয়ার জন্য দু'সপ্তাহ সময় পাবেন তিনি। ইরানে নির্বাচন পরবর্তী সহিংসতায় জড়িত থাকার দায়ে ১০০ সংস্কারবাদী নেতার বিচার চলার মাঝে এবং আহমাদিনেজাদ শপথ দেওয়ার প্রাক্কালে খামেনি তার প্রেসিডেন্সি অনুমোদন করলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৩৮ ঘ.