হেরাত, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে হেরাত প্রদেশে সোমবার রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছে। এক নিরাপত্তা কর্মকর্তা একথা বলেছেন।
হেরাতের নিরাপত্তা কমান্ডার জেনারেল এসমাতুল্লাহ আলীজাই বলেন, "নিহতদের মধ্যে এক নারী ও শিশুও রয়েছে। গুরুতর আহত হয়েছেন জেলার পুলিশ প্রধান।"
আফগানিস্তানে এ মাসে অনুষ্ঠেয় নির্বাচন বানচালের হুমকি দেওয়া তালেবানরাই এ ঘটনার নেপথ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন হেরাতের মুখপাত্র ক্বারী মোহাম্মদ ইউসুফ। জেলার পুলিশ প্রধান খোজা ঈসাই হামলার লক্ষ্য ছিলেন বলেও জানান তিনি।
২০ আগস্টের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তানে সেনা বাড়ানোর গত মাস থেকে দেশটিতে সহিংসতা বেড়েছে। রোববার আফগানিস্তানে ৫ বিদেশি সেনা নিহত হয়েছে। এর মধ্যে তিনজনই মার্কিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩০১ ঘ.
bdnews24