মোগাদিসু, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর মাইদুগুরিতে গত সপ্তাহে ইসলামিক দল বোকো হারামের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ৫ দিন ব্যাপী সংঘর্ষে ৭০০'রও বেশি মানুষ নিহত হয়েছে। মৃতদেহের খোঁজ এখনও চলছে। নাইজেরিয়ার রেডক্রস ও প্রতিরক্ষা কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন।
নাইজেরিয়ায় রেডক্রসের উত্তরপূর্বাঞ্চলীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্মকর্তা আলিউ মাইকানো রয়টার্সকে বলেন, "আমাদের হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা এ পর্যন্ত ৭৮০। গোটা শহরে লাশ খোঁজার জন একটি যৌথ দল মোতায়েন করা হয়েছে।"
ওদিকে, রাজধানী আবুজায় এক ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে বলেন, "কেবল মাইদুগুরি শহরেই ৭০০র বেশি লাশ গণকবর দেওয়া হয়েছে। বেশিরভাগ মৃতদেহই ইউসুফ কমপাউন্ডে সমাহিত করা হয়েছে। এটি ছিল তাদের সদরদপ্তর।"
এর আগে নাইজেরিয়ার পুলিশের এক মুখপাত্র সংঘর্ষে ৬০০র বেশি মানুষ নিহত হওয়ার কথা জানায়।
নাইজেরিয়ায় শরিয়া আইন চালুর পক্ষপাতি ইসলামিক বিদ্রোহী দল বোকো হারামের সমর্থকদের সঙ্গে উত্তরের বেশ কয়েকটি রাজ্যে সেনা-পুলিশের তুমুল সংঘর্ষ হয়।
গত রোববার পুলিশ স্টেশনে হামলার চক্রান্ত করার সন্দেহে বোকো হারামের কয়েকজন সদস্য গ্রেপ্তার হওয়াকে কেন্দ্র করে মাইদুগুরিরর ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের বাউচি শহরে গোলযোগ শুরু হয়। দলের অনুসারীরা এ সময় কয়েকটি নগরীতে সশস্ত্র সহিংস তৎপরতা চালায়।
বোকো হারামের নেতা মোহাম্মদ ইউসুফকে বৃহস্পতিবার পুলিশী হেফাজতে থাকাকালে গুলি করে হত্যা করা হয়। এর মধ্য দিয়ে সহিংসতার অবসান ঘটবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩৪ ঘ.
bdnews24