ওয়াশিংটন, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের মোট দেশজ উৎপাদান (জিডিপি) মার্কিন অর্থনীতির সংকুচিত দশা কমে আসা প্রদর্শন করলেও প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার বলেছেন, মন্দা থেকে বের হয়ে আসতে "আরও অনেক মাস" লেগে যাবে।
ওবামা বলেন, আগামী সপ্তাহে পাওয়া চাকরির উপাত্তে হয়তো দেখা যাবে চাকরি হারানো লোকজনের সংখ্যা আরও বেড়েছে।
সাপ্তাহিক রেডিও ও ইন্টারনেট ভাষণে তিনি বলেন, "মন্দা থেকে আমাদের পুরোপুরি বের হয়ে আসতে আরও অনেক মাস লেগে যাবে। আমরা এখন জেনেছি, যে কারও ধারণার চেয়েও অনেক গভীরে প্রোথিত এই মন্দা।"
তিনি বলেন, "এবং আগামী সপ্তাহে আমরা মাসিক চাকরির প্রতিবেদন হাতে পেলে এরকমই দেখব যে, এই দেশে অনেক সংখ্যায় চাকরি হারানো অব্যাহত রয়েছে। আমি যতখানি বুঝি, তাতে আমাদের চাকরি হারানো বন্ধ না করা পর্যন্ত মন্দা থেকে উদ্ধার পাওয়ার কথা বলার সুযোগ নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮০৭ ঘ.
bdnews24