ব্যাংকক, ৩১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার জন্য রাজার ক্ষমা প্রার্থনা করে শুক্রবার ব্যাংককে সমাবেশ করেছে তার শ'শ' সমর্থক। এর মধ্য দিয়ে তারা রাজা ভূমিবল আদুলায়ের কাছে ক্ষমা চেয়ে করা আবেদনে ১০ লাখেরও বেশি মানুষের স্বাক্ষর সংগ্রহের চেষ্টা নেয়।
ব্যাংককের গ্র্যান্ড প্যালেসের কাছের সানম লুয়াং চত্বরে পলাতক নেতা থাকসিনের 'লাল-শার্ট' সমর্থকদের ওই সমাবেশে ৩০ হাজারেও বেশি মানুষ সাড়া দেবে বলে ধারণা করা হচ্ছে। ঘুষ দুর্নীতির অভিযোগে গত বছর অক্টোবরে থাকসিনের অনুপস্থিতিতেই তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
'ইউনাইটেড ফ্রন্ট ফর ডেমোক্র্যাসি এগেইনস্ট ডিকটেটরশীপ' (ইউডিডি)'র নেতা জাতুপর্ন প্রোমপান বলেছেন, "তিনি অগণতান্ত্রিকভাবে অন্যায়ের শিকার হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনলে থাইল্যান্ড সত্যিকারের গণতান্ত্রিক দেশ হবে।"
সমর্থকরা তাদের আবেদনে ৮১ বছর বয়স্ক থাই রাজা ভূমিবলের কাছে থাকসিনকে ক্ষমা করে দেওয়া এবং তাকে নির্বাসন থেকে দেশে ফিরে আসতে দেওয়ার আহ্বান জানিয়েছে।
থাকসিনের পক্ষে এই সমাবেশ রাজপরিবারের লোকজন এবং রাজনৈতিক বিরোধীদের মধ্যে ক্ষোভ সঞ্চার করেছে। তাদের অভিযোগ, থাকসিন তার ব্যক্তিগত বিরোধের বিষয়গুলোতে রাজাকে টেনে আনার চেষ্টা চালাচ্ছেন।
থাইল্যান্ডে রাজা ভূমিবল বরাবরই রাজনীতির উর্ধ্বে। তবে সঙ্কটকালে কখনও কখনও তিনি রাজনীতিতে হস্তক্ষেপ করেছেন।
আবেদনে স্বাক্ষর সংগ্রহ শেষ হওয়ার কথা শুক্রবার মধ্যরাতে। ইউডিডি জানিয়েছে, রাজার কাছে আবেদন জমা দেওয়ার আগে স্বাক্ষরগুলোর যথার্থতা নিরূপণে এক সপ্তাহ লাগবে।
বিশ্লেষকরা বলছেন, ২০০৬ সালের অভ্যুত্থানে থাকসিন অপসারিত হওয়ার পরও এতাদিনে তার জনপ্রিয়তা যে কমেনি এই সমাবেশের মধ্য দিয়ে সেটিই দেখানোর চেষ্টা নিয়েছে সমর্থকরা। আর রাজপরিবারকে রাজনীতিতে জড়ানোর বিষয়টি নিয়ে জটিলতার কারণে ইউডিডি থাকসিনের জন্য ক্ষমার আবেদন রাজার কাছে জমা দেবে তেমন সম্ভাবনা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২১ ঘ.
bdnews24