২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনাই সেরা পথ: মনমোহন

পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। আলোচনাই সামনে এগুনোর সবচেয়ে ভাল পথ। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বুধবার পার্লামেন্টে একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 04:38 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

নয়াদিল্লি, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। আলোচনাই সামনে এগুনোর সবচেয়ে ভাল পথ। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বুধবার পার্লামেন্টে একথা বলেছেন। তিনি বলেন, আলোচনা ছাড়া বিকল্প পথ হচ্ছে যুদ্ধে জড়ানো যেটি কারোই কাম্য নয়। ভারত গত বছর নভেম্বরে মুম্বাই হামলার পর পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ করে। তবে বুধবার লাকসভায় মনমোহন বলেন, মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার তদন্তে ইসলামাবাদ কিছু অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, "আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, পাকিস্তানের সঙ্গে যোগাযোগের চ্যানেল উন্মুক্ত রাখা আমাদের অবশ্যই দায়িত্ব।" তিনি আরও বলেন, "আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি আলোচনা না করলে তৃতীয় পক্ষের উপর নির্ভর করতে হবে তা করার জন্য... আপনারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ না চাইলে ধাপে ধাপে অগ্রসর হওয়া ছাড়া আর কোনো পথ নেই...সংলাপ ও যোগাযোগ রক্ষা করাই এগুনোর সেরা পথ।" মনমোহন সিং পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়ের চেষ্টার পক্ষে বুধবার পার্লাামেন্টে তার যুক্তি তুলে ধরেন। এতে বিরোধী দলের চাপ সত্ত্বেও ভারত সরকার যে পাকিস্তানের সঙ্গে থেমে থাকা শান্তি আলোচনা শুরু করার উদ্যোগ নেওয়ার আভাস মিলেছে। ভারত ও পাকিস্তানের দুই প্রধানমন্ত্রী মিশরে শান্তি আলোচনা শুরু করতে রাজি হলেও এ পদক্ষেপ ভারতে তীব্র সমালোচনার মুখে পড়েছে। মনমোহনের নতুন পাকিস্তান নীতির বিষয়ে এমনকি তার কংগ্রেস দলেরও কেউ কেউ বেশ সন্দিহান। তারা মনে করে তা ভারতের নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। আর বিরোধী দলীয় নেতাদের অনেকে নভেম্বরের মুম্বাই হামলায় পাকিস্তানের ইন্ধন থাকার অভিযোগ করে মনমোহনের শান্তি আলোচনা শুরুর উদ্যোগের প্রকাশ্য বিরোধিতা করছে। তবে মনমোহন এ মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে স্বাক্ষর করা যৌথ বিবৃতির ব্যাপারে জোরালোভাবে আত্মপক্ষ সমর্থন করেছেন। ওই বিবৃতিতে সীমান্ত শান্তি প্রক্রিয়ার আলোচনায় সন্ত্রাসবাদের বিষয়টিকে শর্ত থেকে বাদ দেওয়া হয়েছে। বুধবার লোকসভায় মনমোহন বলেন, পাকিস্তানকে অস্থিতিশীল করার কোনও অভিপ্রায় ভারতের নেই-- এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে নতুন করে আশ্বস্ত করেছেন। তিনি বলেন, ভারতের লুকানোর কিছু নেই এবং তারা দু দেশের মধ্যকার উদ্বেগপূর্ণ কোনও ইস্যু নিয়েই আলোচনায় যেতে ভয় পায়না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৪৯ ঘ.