২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-চীন জলবায়ু পরিবর্তন চুক্তি সই

জলবায়ু পরিবর্তন, জ্বালানি ও পরিবেশ খাতে আরও বেশি সহযোগিতার অঙ্গীকার করে মঙ্গলবার একটি চুক্তি সই করেছে বিশ্বের সর্ববৃহৎ গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীন। তবে কঠিন কোনও লক্ষ্যমাত্রা নির্ধারণ করেনি দেশ দুটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2009, 04:40 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জলবায়ু পরিবর্তন, জ্বালানি ও পরিবেশ খাতে আরও বেশি সহযোগিতার অঙ্গীকার করে মঙ্গলবার একটি চুক্তি সই করেছে বিশ্বের সর্ববৃহৎ গ্রিনহাউস গ্যাস নির্গমনকারী দুই দেশ যুক্তরাষ্ট্র ও চীন। তবে কঠিন কোনও লক্ষ্যমাত্রা নির্ধারণ করেনি দেশ দুটি। ওয়াশিংটনের পররাষ্ট্র দফতরে দুইদিনের উচ্চ পর্যায়ের অর্থনৈতিক ও কৌশলগত আলোচনার পর চীন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। এতে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে জলবায়ু পরিবর্তনের গুরুত্ব ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। স্মারক সাক্ষর করে হিলারি বলেন, "এতে করে আমরা একযোগে আন্তর্জাতিক জলবায়ু আলোচনাকে সমর্থন দিয়ে যাওয়া এবং কম কার্বন নির্গমন উপযোগী অর্থনীতি গড়ে তোলার পথে এগিয়ে যাওয়ারও দিক নির্দেশনা পাব।" হিলারি জানান, "ডিসেম্বরে কোপেনহেগেনে জাতিসংঘ সম্মেলনের আগে কিভাবে কার্বন নির্গমন কমানো যায় দু'দেশ তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। জলবায়ু পরিবর্তন রোধে নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা এর লক্ষ্য। পররাষ্ট্র দফতরের প্রকাশিত এই চুক্তিতে জলবায়ু পরিবর্তন রোধে কোনও কঠোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। তবে গত বছর বুশ প্রশাসনের সাক্ষর করা ১০ বছরের একটি চুক্তিতে সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। সেইসঙ্গে নতুন জলবায়ু পরিবর্তন নীতি নিয়ে নিয়মিত সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আয়া কেলি বলেন, "এটি কয়েকটি নির্দিষ্ট লক্স্রমাত্রা মেনে চলায় দুপক্ষের প্রতিশ্র"তিবদ্ধ থাকার চুক্তি নয়। এর মধ্য দিয়ে আলোচনার কাঠামো গড়া হয়েছে।" স্মারকে সহযোগিতা ১০ টি ক্ষেত্র উল্লেখ রয়েছে। এর মধ্যে আছে জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, কয়লার ব্যবহার, প্রযুক্তি, ইলেকট্রিক কার, গবেষণা ও উন্নয়ন। জলবায়ু চুক্তির পাশাপাশি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা পুনরুদ্ধারে একমত হয়েছে এবং মুক্ত বাণিজ্য চুক্তি করেছে। মার্কিন রাজস্ব মন্ত্রী টিমোথি গেইথনার বলেছেন, চীন অভ্যন্তরীন ভোগ বাড়িয়ে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি নির্ভরতা কমাবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র কঠিন অর্থনৈতিক বিধি-বিধান বাস্তবায়ন করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৫০ ঘ.