ব্যাংকক, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- থাইল্যান্ডে সোয়াইন ফ্লুর এইচ১এন১ ভাইরাস নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা মঙ্গলবার এই তথ্য জানিয়ে বলেছেন, মাতৃগর্ভে থাকার সময়েই শিশুটি মায়ের কাছ থেকে ভাইরাসের সংস্পর্শে আসে।
কর্মকর্তারা জানান, পরিপূর্ণ বয়সের আগেই, ৭ মাসের সময়ে শনিবার সিজারিয়ান সেকশনের মাধ্যমে শিশুটিকে ভূমিষ্ঠ করান চিকিৎসকরা। শিশুটির মায়ের শরীরে সোয়াইন ফ্লু সনাক্ত হওয়ায় চিকিৎসকরা দ্রুত সিজারিয়ান সেকশনের সিদ্ধান্ত নেন।
রাচাবুরি প্রদেশের ঊর্ধ্বতন স্বাস্থ্যকর্মকর্তা ড.সূর্য কুহারাত বলেছেন, "শিশুটির অবস্থা স্থিতিশীল। কীভাবে সে আক্রান্ত হল আমরা তা বের করার চেষ্টা করছি। মায়ের কাছ থেকে ভূমিষ্ঠ না হওয়া শিশুর আক্রান্ত হওয়ার ঘটনা আমাদের কাছে এটাই প্রথম।"
শিশুটির মা এখনো খুব অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরেকজন চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রে মায়ের কাছ থেকে তিনটি শিশুর এইচ১এন১ ভাইরাস আক্রান্ত হওয়ার খবর জানা গেছে।
থাইল্যান্ডে ২২ জুলাই পর্যন্ত এই ফ্লুতে ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হওয়ার সংখ্যা প্রায় ৭ হাজার। এশিয়ার দেশগুলোর মধ্যে এ সংখ্যাই সর্বোচ্চ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯০৯ ঘ.
bdnews24