ইসলামাবাদ, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সোয়াত উপত্যকা ও আশেপাশে তালেবান জঙ্গিদের সঙ্গে লড়াইরত পাকিস্তানি নিরাপত্তাবাহিনী ১১ বালককে উদ্ধার করেছে যাদের আত্মঘাতী বোমারু হওয়ার জন্য মগজ ধোলাই করেছে তালেবানরা। কর্মকর্তারা মঙ্গলবার একথা জানিয়েছেন।
নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রদেশের সিনিয়র মন্ত্রী বশির বিলাউর বলেছেন, নিরাপত্তাবাহিনীর অভিযান চালিয়ে ৯ বালককে উদ্ধার করে। বাকি দুজন স্বেচ্ছায় এসে আত্মসমর্পণ করেছে। তিনি জানান, সোয়াতের একজন সেনা কমান্ডার বলেছেন, এরকম আরও অনেক বালককে তাদের বাবা-মা নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করছে।
বিলাউর রয়টার্সকে বলেন, "তাদের এমনভাবে মগজ ধোলাই করা হয়েছে যে তারা নিজেদের বাবা-মাকেও কাফের বলছে।"
তিনি জানান, ওই ছেলেদের ফিলিস্তিনি ভূ-খণ্ড ও ভারতীয় কাশ্মীরে মুসলমানদের ওপর নির্যাতনের ভিডিও চিত্র দেখানো হয় এবং ধর্মীয় ব্যাখ্যা দিয়ে বলা হয়, ইসলামের শত্র"দের হত্যা করলে তারা বেহেশতে যাবে।
সোয়াতের প্রধান শহর মিনগোরায় সেনাঅভিযান পরিচালনাকারী ব্রিগেডিয়ার তাহির হামিদ বলেছেন, তালেবানরা স্থানীয় অনেক পরিবারকে তাদের সন্তানদের দিয়ে দিতে বাধ্য করেছে।
তিনি জানান, এই বালকদের অনেকেই পরিবারের কাছে ফিরেছে। কিন্তু তাদের মগজ ধোলাই অবস্থার কারণে বাবা-মা'রা তাদের কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছে। সরকার এখন ৯ থেকে ১৮ বছরের এই শিশুদের কীভাবে পুনর্বাসন করা যায় সে পরিকল্পনা করছে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭২৩ ঘ.
bdnews24