রামাল্লাহ, ২৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত জর্জ মিচেল সোমবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বলেছেন, শান্তি আলোচনা শুরুর চেষ্টায় তিনি পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন বন্ধের বিষয়টি নিয়ে ইসরায়েলের সঙ্গে চুক্তির জন্য কাজ করে যাচ্ছেন।
আব্বাসের সঙ্গে মধ্যাহ্নভোজনের সময় এক ঊর্ধ্বতন ফিলিস্তিন কর্মকর্তা মিচেলের উদ্ধৃতি দিয়ে বলেন, "আমরা ইস্যুটি নিয়ে আলোচনা করছি। কিন্তু এ ব্যাপারে ইসরায়েলের সঙ্গে এখনও কোনও চুক্তিতে উপনীত হইনি।"
মিচেল গত সপ্তাহে ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, মিশর এবং ইসরায়েলে শীর্ষ পর্যায়ের আলোচনা করেছেন। কর্মকর্তারা বলেছেন, আগামী সপ্তাহগুলোতে আলোচনায় জড়িত প্রত্যেককেই আরও বেশিকিছু করতে হবে।
মিচেল সাংবাদিকদের বলেন, "ইসরায়েল ও ফিলিস্তিন, সিরিয়া ও ইসরায়েল, ইসরায়েল ও লেবানন এবং এ অঞ্চলের সব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করে সামগ্রিক শান্তি অর্জনে যা কিছু করা যায় ওয়াশিংটন তা করছে।"
তিনি আরও বলেন, "ওবামা খুব শিগগিরিই অর্থবহ আলোচনা ফিরিয়ে আনতে চান এবং ওই সমস্ত আলোচনার একটি তড়িৎ সুরাহা চান। আর এর মানে হচ্ছে প্রেক্ষাপট তৈরিতে প্রত্যেককেই কিছু কঠিন, কিছু বিতর্কিত পদক্ষেপ নিতে হবে।"
আব্বান এবং ওবামা শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্র"তিবদ্ধ এবং দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান মিচেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৫৬ ঘ.
bdnews24