বাউচি, নাইজেরিয়া, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় দুটি প্রদেশে মুসলিম বিদ্রোহীরা সোমবার নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে। দুদিনে ওই অঞ্চলে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ জনে।
সোমবার ইয়োবে ও বোর্নো প্রদেশে পুলিশ ও স্থানীয় ইসলামি গোষ্ঠীগুলোর মধ্যে বন্দুক যুদ্ধের খবর পাওয়া গেছে। আগের দিন পার্শ্ববর্তী বাউচি প্রদেশে ৫০ জনেরও বেশি নিহত হয়েছিল। পরে বিভিন্ন নিরাপত্তা সূত্র এবং অধিবাসীদের দেওয়া তথ্যে জানা গেছে, নিহতের সংখ্যা অন্ততপক্ষে ৮০।
দেশের দক্ষিণে তেল উৎপাদন এলাকা নাইজার ডেল্টার অস্থিতিশীলতার সঙ্গে এই সহিংসতার কোনো সম্পর্ক নেই।
নাইজেরিয়ার পুলিশ প্রধান ওগবোন্না ওনোভো রাজধানী আবুজায় সাংবাদিকদের বলেন, "একটি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় পাঁচ পুলিশ নিহত হয়েছে।"
"তারা এখন মেইদুগুরিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। আমরা সেখানে আরও পুলিশ পাঠিয়েছি।"
বিবিসি জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলে কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সেনারা রাস্তায় ব্যারিকেড দেওয়াসহ সহিংসতা বিক্ষুদ্ধ এলাকাগুলোতে কারফিউ জারি করেছে। সহিংসতা নিয়ন্ত্রণে আনতে নাইজেরিয়ার সেনা ও পুলিশকে সব পন্থাই অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেছে, পুলিশ স্টেশনগুলোতে হামলা চলছে এবং বেসামরিক নাগরিকদেকে গাড়ি থেকে নামিয়ে গুলি করে মারা হচ্ছে।
আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটি খ্রিস্টান ও মুসলমানে প্রায় সমানভাবে বিভক্ত। পশ্চিম আফ্রিকার এই দেশটিতে ২০০ রও বেশি আদিবাসী গোষ্ঠী শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করে আসছিল। তবে ১৯৬৭ সাল থেকে ১৯৭০ সালের মধ্যে গৃহযুদ্ধে প্রায় ১০ লাখ মানুষ নিহত হয়েছে। সেই থেকে মাঝেমাঝেই ধর্মীয় সহিংসতা মাথাচাড়া দিয়ে উঠছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩০৫ ঘ.
bdnews24