২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়া শুরুর নতুন উদ্যোগ যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়া শুরুর নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইহুদি বসতিস্থাপন থেকে শুরু করে ইরানের পরমাণু কর্মসূচি পর্যন্ত ইস্যু নিয়ে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফরে গেছেন উর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2009, 04:16 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

জেরুজালেম, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়া শুরুর নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইহুদি বসতিস্থাপন থেকে শুরু করে ইরানের পরমাণু কর্মসূচি পর্যন্ত ইস্যু নিয়ে আলোচনার জন্য মধ্যপ্রাচ্য সফরে গেছেন উর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন দূত জর্জ মিচেল, প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জিম জোনস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা যে ইসরায়েলি-আরব শান্তিপ্রক্রিয়া কর্মসূচিকে অগ্রাধিকার দিচ্ছেন এ তারই সুস্পষ্ট লক্ষণ। গোলান মালভূমি নিয়ে ইসরায়েল-সিরিয়া আলোচনা শুরু করা এবং ইসরায়ের-ফিলিস্তিন চুক্তির জন্য সিরিয়ার সহায়তা চায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য দূত মিচেল রোববার সিরিয়া সফরকালে এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের কথা প্রেসিডেন্ট বাশার আল আসাদকে জানিয়েছেন। ইহুদি বসতিস্থাপন ইস্যুতে ছয়মাসেরও বেশি সময় ধরে বন্ধ হয়ে আছে ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইহুদি বসতিস্থাপন বন্ধ না হলে শান্তি আলোচনা শুরু না করার ব্যাপারে অনঢ় রয়েছেন। ওবামা ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রণীত মধপ্রাচ্য শান্তি প্রক্রিয়া রোডম্যাপের আওতায় পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইহুদি বসতিস্থাপন বন্ধের দাবি জানালেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন।এ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে দীর্ঘদিনের দুই মিত্রদেশের মধ্যে। তবে নেতানিয়াহু বলেছেন, দুপক্ষই সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্কের ব্যাপারে আরবদের পদক্ষেপ ইহুদিবসতিস্থাপন বন্ধে জোট সরকারের শরিকদের রাজি করাতে নেতানিয়াহুর জন্য সহায়ক হতে পারে। মিচেলের সঙ্গে বৈঠকের পর ইসরায়েলের পতিরক্ষামন্ত্রী বারাক এই আভাস দিয়েছেন। মিচেলের সঙ্গে সোমবার ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দেখা করার কথা রয়েছে এবং মঙ্গলবার তিনি নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন। ওদিকে, নেতানিয়াহু এবং বারাকের সঙ্গে সোমবার বৈঠক করার কথা রয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসেরও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১২১ ঘ.