ওয়াশিংটন, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর সেরাহ পেইলিন রোববার পদত্যাগ করেছেন। মেয়াদ শেষের ১৮ মাস আগেই তিনি পদত্যাগ করলেন। নতুন গভর্নরের দায়িত্ব নিয়েছেন শন পারনেল।
বিদায়ী ভাষণে পেইলিন আলাস্কাবাসীদের জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করলেও তার রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে কিছু বলেননি।
২০০৮ সালে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীতায় হেরে যাওয়া পেইলিন ৩ জুলাই আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। বেশকিছু নৈতিক অভিযোগ এবং জনপ্রিয়তা কমে আসার মুখে তিনি পদত্যাগ করলেন।
একগাদা নৈতিকতার অভিযোগের বিরুদ্ধে লড়াইয়ের বোঝাই তার পদত্যাগের মূল কারণ বলে জানিয়েছেন পেইলিন। আর এই অভিযোগগুলোর কারণেই তার জনপ্রিয়তায় ধস নেমেছে। ওয়াশিংটন পোস্টের এক নতুন এবিসি জরিপে দেখা গেছে, তার পক্ষে সমর্থন আছে ৪০ শতাংশ আর বিপক্ষে ৫৩ শতাংশ। তবে রিপাবলিকানদের মধ্যে পেইলিন এখনও জনপ্রিয়।
ফলদায়ক নয় এমন রাজনীতি এবং পঙ্গু অধিবেশন এড়িয়ে চলা কর্তব্য উল্লেখ করে পেইলিন বলেন, গভর্নর পদে না থেকেই তিনি আলাস্কার জন্য আরও বেশি কিছু করতে পারবেন।
তিনি বলেন, "এ সিদ্ধান্ত নিয়ে আমি আপনাদের জন্য সঠিক এবং সত্যের পথে আরও কঠিন লড়াইয়ে নামতে সক্ষম হব। আর একাজের জন্য কোনও পদবীর দরকার আছে বলেও বোধ করিনা।"
তবে তার পরবর্তী পদক্ষেপ কি হবে এবং ২০১২ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হবেন কিনা তা জানাননি পেইলিন।
গত বছর রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইন পেইলিনকে ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত করার পর তিনি জাতীয় অঙ্গনে উঠে আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৩৪
bdnews24