ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া সর্বশেষ জীবিত ব্রিটিশ সৈনিক হ্যারি প্যাচ মারা গেছেন। তার বয়স হয়েছিল ১১১। বিবিসি অনলাইন এ খবর দেয়।
হ্যারি প্যাচকে ১৮ বছর বয়সে সৈন্যবাহিনীতে বাধ্যতামূলকভাবে যোগ দিতে হয়েছিল। ১৯১৭ সালে ইপ্রেসের ব্যাটল অব পাসেনডেলে যুদ্ধ করেছিলেন তিনি। ওই যুদ্ধে ৭০ হাজারের বেশি ব্রিটিশ সৈনিক প্রাণ হারায়।
ইংল্যান্ডের বাথের কাছে কুম ডাউন গ্রামে বেড়ে ওঠেন প্যাচ। সমারসেটের একটি বৃদ্ধনিবাসে থাকতেন তিনি।
হ্যারি প্যাচের জীবনীকার রিচার্ড এমডেন বলেন, স্থানীয় সময় শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ সাবেক সৈনিক।
প্রথম বিশ্বযুদ্ধে লড়াই করা প্রবীণতম ব্রিটিশ সৈনিক হেনরি অ্যালিংহ্যাম এক সপ্তাহ আগে ১১৩ বছর বয়সে প্রাণত্যাগ করেন।
বৃদ্ধনিবাস ফ্লেচার হাউস এক বিবৃতিতে জানিয়েছে তারা প্যাচের শেষ ইচ্ছা অনুযায়ী তার শেষকৃত্যের ব্যবস্থা করছেন। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৯২৫ঘ.
bdnews24