লস এঞ্জেলেস, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মৃত্যুর পর থেকেই মাইকেল জ্যাকসনের কিম্ভুৎকিমাকার জীবনাচরণ নিয়ে জল্পনাকল্পনা আর গুজবের ডালপালা রীতিমতো আকাশ ছুঁয়েছে।
চলতি সপ্তাহেই নামকরা ম্যাগাজিন রোলিং স্টোন খবর ছাপিয়েছে, জ্যাকসন যে কৃত্রিম নাক মাঝেমাঝেই পরতেন, সেটি নাকি তাকে মর্গে নেওয়ার সময় হারিয়ে যায়। ব্রিটিশ এক ট্যাবলয়েড দাবি করেছে, মাইকেলের গোপন প্রেমেরও এক সন্তান আছে।
এসব গুজব ছাপিয়ে শুক্রবার বাজারে অভিনব খবর ছড়িয়েছে এক কোম্পানি। তাদের দাবি, তারা জ্যাকসনের পোড়া কেশ হীরায় রূপান্তরিত করার চেষ্টা চালাচ্ছে, যা গুজব নয়, একেবারেই সত্যি।
শিকাগোর এ কোম্পানি দাবি করেছে, ১৯৮৪ সালে পেপসির বিজ্ঞাপন করতে 'থ্রিলার' খ্যাত গায়ক মাইকেল জ্যাকসনের যে চুল পুড়ে গিয়েছিল,সেই পোড়া চুলকে সীমিত আকারে হীরায় রূপান্তরিত করার পরিকল্পনা ফেঁদেছে তারা।
চুল থেকে কার্বন বানানোর প্যাটেন্টপ্রাপ্ত কোম্পানি লাইফজেমের প্রতিষ্ঠাতা ডিন ভ্যানডেনবিইসেন বলেন,"এটা একেবারে সত্যি কথা।" এই কোম্পানির কাজই চুলকে প্রথমে কার্বনে রূপান্তরিত করা, পরে তা ক্রিস্টালে পরিণত করা, যা আসলে উচ্চমানের ল্যাবরেটরি ডায়মন্ড হিসাবেই বাজারে বিকোয়।
ভ্যানডেন রয়টার্সকে বলেন, তার কোম্পানি জ্যাকসনের পোড়া কেশ থেকে ১০টির মতো ডায়মন্ড বানাতে পারবে। প্রাথমিকভাবে এ হীরকখণ্ডের দাম নির্ধারিত না হলেও ভ্যানডেন বলেন লাইফজেম কোম্পানি ২০০৭ সালে বিটোফেনের চুল থেকে তিনটি ডায়মন্ড তৈরি করেছিলেন। এর একটি বিক্রি হয়েছিল ২ লাখ ডলারে।
এেিদক, ৬ আগস্টের সংখ্যায় রোলিং স্টোন ম্যাগাজিন বলেছে, শুধু জ্যাকসনের মরদেহের বাঁ বাহুতে সুইয়ের খোঁচা দিয়ে আচড় কাটা হয়নি, যে কৃত্রিম নাকটি তিনি মাঝেমাঝেই পরতেন, সেটিও হারিয়ে যায় জ্যাকসনকে লস এঞ্জেলেসের কাউন্টি মর্গে নেওয়ার সময়।
সূত্রবিহীন ওই রিপোর্টে বলা হয়, "নাক ক্ষতিগ্রস্ত হওয়ার পর জ্যাকসন যে কৃত্রিম নাকটি পরতেন, সেটি হারিয়ে যাওয়ায় নাকের স্থানে একটি ছোট্ট গর্ত পরিলক্ষিত হয়।"
তবে এর সত্যতা স্বীকার করেনি লস এঞ্জেলেসের কাউন্টি করোনার অফিস। আগামী সপ্তাহেই করোনার অফিস আনুষ্ঠানিকভাবে পপসম্রাটের মৃত্যুর কারণ প্রকাশ করবে। এতে জ্যাকসনের মৃত্যুকে ঘিরে তৈরি হওয়া বহু ধোঁয়াশার অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, জ্যাকসনের সন্তানদের অভিভাবকত্বের বিষয়টি ৩ আগস্ট আদালতে ফয়সালা হওয়ার কথা থাকলেও ব্রিটিশ ট্যাবলয়েড 'দি সান' নতুন গুঞ্জন ছড়িয়েছে। তারা এক রিপোর্টে জানিয়েছে যে, সম্ভবত নরওয়েতে মাইকেলের একজন 'লাভ চাইল্ড' থাকতে পারে।
গুঞ্জনের মূল কারণ ২৫ বছরের ওমর ভাট্টি চলতি মাসের প্রথম দিকে স্ট্যাপলস সেন্টারে অনুষ্ঠিত মাইকেলের গণস্মরণানুষ্ঠানে জ্যাকসন পরিবারের সঙ্গে বেশ ঘনিষ্ঠভাবেই উপস্থিত ছিলেন। ১৯৯০ সালের দিকে ভাট্টি জ্যাকসনের সঙ্গে নেভারল্যান্ডের বাড়িতেই থাকতেন এবং সে সময় সবাই তাকে 'লিটল মাইকেল' হিসাবেই চিনত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমএইচবি/১৭৪৪ ঘ.
bdnews24