জেনেভা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------১৬০ টি দেশে ছড়িয়ে পড়েছে সোয়াইন ফ্লুর এইচ১এন১ ভাইরাস। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০০ জনে। এর প্রকোপ এখনও কমেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার একথা বলেছে।
ডব্লিউএইচও'র মুখপাত্র গ্রেগরি হার্টল এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, এ মুহূর্তেও আমরা ভাইরাসের ভয়াবহতা কমার কোনও লক্ষণ দেখছি না। এক দেশ থেকে আরেক দেশে এর বিস্তার ঘটেই চলেছে।
হার্টল বলেন, সোয়াইন ফ্লু নামে পরিচিত এ রোগের প্রথম টিকা শরতের শুরুর দিকেই তৈরি হয়ে যাওয়া উচিত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ পর্যন্ত দুটো টিকা উৎপাদক প্রতিষ্ঠানের কাছ থেকে উন্নয়নশীল দেশগুলোর জন্য ১৫০ মিলিয়িন টিকা সরবরাহের প্রতিশ্র"তি দিয়েছে এবং স্বল্পন্নোত দেশগুলোতে টিকা সরবরাহের জন্য আরও দুটি উৎপাদক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালিয়ে আসছে।
এপ্রিলে প্রাদুর্ভাব ঘটার পর থেকে এইচ১এন১ ভাইরাসে ৭০০ মানুষ মারা যাওয়ার কথা কয়েকদিন আগেই জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর এরই মধ্যে তা বেড়ে ৮০০ হওয়ার কথা জানাল সংস্থাটি।
বিভিন্ন দেশে এর বিস্তার মন্থর করার জন্য স্কুলগুলো বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও। তবে সংস্থাটি এও বলেছে যে, নতুন ধরনের এই ভাইরাসের বিস্তারের রাশ টেনে ধরতে কী ব্যবস্থা নেওয়া হবে তা ঠিক করার দায়িত্ব দেশগুলোর স্বাস্থ্য বিভাগের।
ডব্লিউএইচও বলেছে, বিভিন্ন দেশে ফ্লুটির মহামারী রূপ যেহেতু বিভিন্ন পর্যায়ে ও ভিন্ন ভিন্ন সময়ে ঘটবে তাই কী ধরনের ব্যবস্থা নিলে এর মাত্রা কমানো সম্ভব হবে তা ঠিক করতে হবে স্ব স্ব দেশকেই।
জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা গত ১১ জুন এইচ১এন১ ইনফ্লুয়েঞ্জাকে মহামারী ঘোষণা করে। গত সপ্তাহে সংস্থটি বলেছে, এ যাবৎকালের মহামারীগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে ছড়াচ্ছে এটি।
বিশ্বব্যাপী প্রায় ১ লাখ ২৫ হাজার জনের এই ফ্লুতে আক্রান্ত হওয়ার বিষয়টি ইতোমধ্যেই গবেষণাগারে পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৯ ঘ.
bdnews24