২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হন্ডুরাসে কঠোর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জেলায়ার

হন্ডুরাসে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন সেনা অভ্যুত্থানে উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়া। হন্ডুরাসের সেনাবাহিনী ২৮ জুন জেলায়াকে উৎখাত করে কোস্টারিকায় নির্বাসনে পাঠায়। তাকে দেশে ফিরতে দেওয়া হবে না বলে জানিয়েছে হন্ডুরাসের অন্তর্বর্তী সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 04:59 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

তেগুছিগালপা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- হন্ডুরাসে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য মঙ্গলবার যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন সেনা অভ্যুত্থানে উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়া। হন্ডুরাসের সেনাবাহিনী ২৮ জুন জেলায়াকে উৎখাত করে কোস্টারিকায় নির্বাসনে পাঠায়। তাকে দেশে ফিরতে দেওয়া হবে না বলে জানিয়েছে হন্ডুরাসের অন্তর্বর্তী সরকার। এ পরিস্থিতিতে জেলায়া মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে এক লিখিত বার্তায় হন্ডুরাসের অভ্যুত্থানকারী নেতাদের ওপর চাপ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। ওবামা প্রশাসন ইতোমধ্যেই ওই অভ্যুত্থানের নিন্দা জানিয়ে দেশটিতে ১৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের সামরিক সাহায্য বাতিল করাসহ অর্থনৈতিক সাহায্য আরও কমানোর হুমকি দিয়েছে। কিন্তু জেলায়া এর চেয়েও বেশিকিছু করার দাবি জানিয়েছেন। নিকারাগুয়া থেকে জেলায়া বলেন, "এসবকিছুই অপর্যাপ্ত।" তিনি সেনা অভ্যুত্থান পরিচালনাকারী এবং অন্তর্বর্তী সরকারে যোগ দেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন করে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। হন্ডুরাসে ক্ষমতার লড়াই অবসানের প্রচেষ্টা অন্তর্বর্তী প্রেসিডেন্ট রবার্তো মিচেলেত্তির অনঢ় অবস্থানের মুখে রোববার ভেস্তে গেছে। জেলায়াকে ক্ষমতায় পুনর্বহালে মধ্যস্থতাকারী কোস্টারিকার প্রেসিডেন্ট অস্কার আরিয়াসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মিচেলেত্তি। তেগুছিগালপায় এক সাংবাদিক সম্মেলনে মিচেলেত্তি বলেন, " আমি জনগণকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। আমাদের সেনাবাহিনী আছে, পুলিশ বাহিনী আছে। সেইসঙ্গে এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় জনগণও প্রস্তুত রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২১১ ঘ.