ব্যাংকক, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মঙ্গলবার বলেছেন, উত্তর কোরিয়া ও মিয়ানমারের মধ্যে যে কোন ধরনের সামরিক সহায়তাই মিয়ানমারের দক্ষিণপূর্ব এশিয়ার প্রতিবেশিদের প্রতি হুমকি হয়ে উঠতে পারে।
ব্যাংককে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমরা জানি, উত্তর কোরিয়া ও বার্মার সামরিক সহায়তার বিষয় নিয়ে উদ্বেগ বাড়ছে। আমরা বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়ে দেখছি। এ সহায়তা এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। বার্মার প্রতিবেশিদের প্রতি সরাসরি হুমকি হয়ে উঠতে পারে।"
বৃহস্পতিবার থাইল্যান্ডের ফুকেট দ্বীপে অনুষ্ঠেয় আঞ্চলিক নিরাপত্তা ফোরামের বৈঠকে সেনাশাসিত মিয়ানমার ও কমিউনিস্ট উত্তর কোরিয়ার প্রতিনিধিদের যোগ দেওয়ার কথা রয়েছে। হিলারি ক্লিনটনও বৈঠকে যোগ দেবেন।
নিষিদ্ধ সামরিক সরঞ্জাম বহন করার সন্দেহে মার্কিন নৌবাহিনী গত জুন এবং জুলাইয়ের গোড়ার দিকে উত্তর কোরিয়ার একটি জাহাজকে অনুসরণ করেছিল। জাহাজটি মিয়ানমারের দিকে যাচ্ছিল বলে শোনা যায়। তবে সেটি মিয়ানমারে নোঙর করেনি বলে নিশ্চিত হয় যুক্তরাষ্ট্র।
হিলারি উত্তর কোরিয়া ও মিয়ানমারের সামরিক সম্পর্কের খবরের দিকে ইঙ্গিত করে বলেন, "এরকম কিছু ঘটলে, থাইল্যান্ডের চুক্তিবদ্ধ মিত্র হিসেবে আমরা বিষয়টিকে খুবই গুরত্বের সঙ্গে নেব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০৩৮ ঘ.
bdnews24