জেনিভা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গত এপ্রিলে প্রাদুর্ভাব ঘটার পর থেকে এইচ১এন১ ভাইরাসে এ পর্যন্ত ৭০০ মানুষ মারা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার এ তথ্য জানিয়ে বলেছে, বিভিন্ন দেশে এর বিস্তার মন্থর করার জন্য স্কুলগুলো বন্ধ রাখার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
দু'সপ্তাহ আগে ডব্লিউএইচও'এর পরিসংখ্যানে মৃতের সংখ্যা ৪২৯ জানানো হয়েছিল। সংস্থাটি অবশ্য বলেছে, নতুন ধরনের এই ভাইরাসের বিস্তারের রাশ টেনে ধরতে কী ব্যবস্থা নেওয়া হবে তা ঠিক করার দায়িত্ব দেশগুলোর স্বাস্থ্য বিভাগের।
ব্রিটিশ গবেষকরা 'ল্যানচেট ইনফেকশাস ডিজিসেস' নামের একটি জার্নালে সোমবার লিখেছেন, সোয়াইন ফ্লু মহামারী পরিস্থিতির আরও অবনতি ঘটতে থাকলে কখন এবং কিভাবে স্কুল বন্ধ করতে হবে তার একটি খসড়া পরিকল্পনা করা দরকার বিশ্বের সরকারগুলোর।
জেনিভায় মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে ডব্লিউএইচও'র মুখপাত্র আলফালুক ভাটিয়াসেভি বলেছেন, "বিভিন্ন দেশের জন্য ফ্লুটির বিস্তার হ্রাস করার একটি উপায় হতে পারে স্কুল বন্ধ রাখা।"
তিনি বলেন, ডব্লিউএইচও বলে আসছে, বিভিন্ন দেশে ফ্লুটির মহামারী রূপ যেহেতু বিভিন্ন পর্যায়ে ও ভিন্ন ভিন্ন সময়ে ঘটবে তাই কী ধরনের ব্যবস্থা নিলে এর মাত্রা কমানো সম্ভব হবে তা ঠিক করতে হবে স্ব স্ব দেশকেই।"
জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা গত ১১ জুন এইচ১এন১ ইনফ্লুয়েঞ্জাকে মহামারী ঘোষণা করে। গত সপ্তাহে সংস্থটি বলেছে, এ যাবৎকালের মহামারীগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে ছড়াচ্ছে এটি তাই এখন আর একটি একটি করে আক্রান্তের হিসাব করে লাভ নেই।
ভাটিয়াসেভি রয়টার্সকে জানান, "মঙ্গলবার পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ১ লাখ ২৫ হাজার জনের এই ফ্লুতে আক্রান্ত হওয়া গবেষণাগারে পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০০৩ ঘ.
bdnews24