ওয়াশিংটন, ২১ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সন্দেহভাজন সন্ত্রাসীদের আটক রাখার নতুন নীতিমালা তৈরিতে বিলম্ব এবং বন্দিদের ভাগ্য নির্ধারণ নিয়ে জটিলতার কারণে কিউবার গুয়ানতানামো বে'র মার্কিন বন্দিশিবির সময়মতো বন্ধ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
আগামী বছর জানুয়ারীর মধ্যে আন্তর্জাতিকভাবে নিন্দিত গুয়ানতানামো বন্দিশিবির বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু কর্মকর্তারা জানিয়েছেন, ওই শিবির বন্ধের জন্য প্রয়োজনীয় নতুন বন্দি আটক নীতি প্রণয়নে ছয় মাস দেরি হবে।
অবশ্য তারপরও কর্মকর্তারা শিবিরটি জানুয়ারির মধ্যেই বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানালেও সংবাদদাতারা বলছেন, নতুন নীতি নিতে ছয়মাস দেরির কারণে সময়সীমার মধ্যে গুয়ানতানামো বন্ধ নাও হতে পারে।
গুয়ান্তানামো বন্দিদের ভাগ্য নির্ধারণ নিয়ে ওয়াশিংটনে প্রশাসন ও আইনপ্রণেতাদের ও ইতোমধ্যেই তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। ওবামার এক সহযোগী জানিয়েছেন, নতুন বন্দি নীতি প্রণয়কারী টাস্ক ফোর্স সময়সীমার মধ্যে পরিপূর্ণ প্রতিবেদন জমা দিতে সক্ষম নয়।
তাছাড়া, সন্দেভাজনদের জেরা করার পদ্ধতি এবং বন্দিদেরকে অন্য দেশে স্থানান্তরের বিষয়টি নিয়ে অন্য আরেকটি প্রতিবেদন জমা দিতেও অন্ততপক্ষে দু'মাস দেরী হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তরা।
টাস্ক ফোর্স এ মুহূর্তে বন্দিদের ভাগ্য নির্ধরণ নিয়ে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। এতে দায়ী ব্যক্তিদের ফেডারেল আদালত কিংবা মিলিটারি কমিশনে অবিলম্বে যথাযথ বিচারের দাবি জানানো হয়েছে। সন্দেহভাজন কোনও ব্যক্তি দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তার বিচার করা যাবে না বলেও এতে উল্লেখ করা হয়েছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে গুয়ানতানামো বন্দিশিবির চালু হয়।
ওই শিবিরে বন্দি নির্যাতনের ঘটনায় বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় এসেই ২০১০ সালের জানুয়ারির মধ্যে শিবিরটি বন্ধের নির্দেশ দেন। এ নির্দেশের পর ছয় মাসে শিবিরটির প্রায় ২৪৫ বন্দির মধ্যে ২০ জনেরও কম বন্দিকে অন্য জায়গায় সরানো হয়েছে।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১১৭ ঘ.
bdnews24