কাবুল, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- একটি ব্রিটিশ টর্নেডো জঙ্গি বিমান সোমবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ন্যাটোর একটি প্রধান ঘাঁটিতে বিধ্বস্ত হয়েছে। কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
তালেবানদের বিরুদ্ধে নতুন অভিযানের পর্যায়ে কয়েকদিনের মধ্যে এ নিয়ে এটি তিনটি বিমান বিধ্বস্ত হল।
তালেবানদের অব্যাহত উত্থানে সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির পাশাপাশি বেসামরিকদেরও চড়া মূল্য দিতে হচ্ছে। প্রত্যন্ত পশ্চিমে একটি গাড়ি রাস্তার পাশে পেতে রাখা বোমার আঘাতে ধ্বংস হয়ে ১২ ব্যবসায়ী নিহত হয়েছে। আফগান বা বিদেশি সেনাদের লক্ষ্য করেই ওই বোমা পেতে রাখা হয়েছিল।
ন্যাটোর মুখপাত্র ক্যাপ্টেন গ্লেন পেরেন্ট বলেছেন, রয়্যাল এয়ার ফোর্স টর্নেডো জিআর-৪ বিমানটি কান্দাহার বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়।
ন্যাটো কর্মকর্তারা জানিয়েছেন, তালেবানদের হামলায় বিমানটি বিধ্বস্ত হয়নি। তবে তালেবান মুখপাত্র ক্বারি মুহাম্মদ ইউসুফ বলেছেন, তালেবানরা কান্দাহার বিমান ঘাঁটির কাছে একটি ন্যাটো বিমান গুলি করে ভূপাতিত করেছে। এতে বেশ কয়েকজন সৈন্য নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২০৯ ঘ.
bdnews24