২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় উদ্দীপ্ত হিলারি

যুক্তরাষ্ট্র ও ভারত গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানো বিষয়ে মতপার্থক্য কমিয়ে আনতে পারবে বলে রোববার আশাবাদ ধ্বনিত হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কণ্ঠে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 02:36 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

গুরগাঁও, ১৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র ও ভারত গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমানো বিষয়ে মতপার্থক্য কমিয়ে আনতে পারবে বলে রোববার আশাবাদ ধ্বনিত হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কণ্ঠে। তবে ভারতের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তার সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কার্বন কমানোর আইনি বাধ্যবাধকতা মেনে নিতে রাজি নয় তার দেশ। নয়াদিল্লির বাইরে পুরস্কারবিজয়ী একটি 'সবুজ' ভবনে হিলারি সাংবাদিকদের বলেন, ভারতের পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জয়রাম রাজেশের সঙ্গে তার ফলদায়ক আলোচনা হয়েছে। "আজ আমাদের মধ্যে খুবই ফলপ্রসু আলোচনা হয়েছে।" "আমরা একটি রূপরেখা প্রণয়নের জন্য আলোচনায় না বসলেও অনেক বিষয়ে আমাদের শুধু উপলব্ধিই নয়, ঐকমত্যে উপনীত হওয়ার সুযোগ রয়েছে।" হিলারি আরও বলেন, "তিনি (রাজেশ) আজ সুনির্দিষ্ট কিছু বিষয়ে সুপারিশ করেছেন যা বেশ আশাব্যঞ্জক।" "আমাদের (একসঙ্গে) কাজ করার ক্ষমতা দেখে আমি বেশ উদ্দীপ্ত।" ভারত কার্বন নির্গমন কমানোর উপায় খুঁজতে ইচ্ছুক নয়- এরকম ধারণার সঙ্গে একমত নন রাজেশ। তিনি বলেন, ভারত অবশ্যই কার্বন কমানোর চেষ্টা করবে তবে বাধ্যতামূলক কোনো টার্গেটে যাবে না। যৌথসংবাদ সম্মেলনে তিনি বলেন, "ভারত উপশমকর পরিস্থিতি থেকে দূরে চলে যাচ্ছে এটা ঠিক নয়। সোজা কথায় বাধ্যতামূলক লক্ষ্যপূরণ (কার্বন কমানোর) করার মতো পরিস্থিতিতে আমরা নেই।" যুক্তরাষ্ট্র চায়, কোপেনহেগেনে ডিসেম্বরে জাতিসংঘের জলবায়ু বিষয়ক নতুন চুক্তির আগে ভারতও নির্দিষ্ট মাত্রায় কার্বন কমানোর বিষয়ে রাজি হোক। ভারত বলে আসছে, ধনী দেশগুলোই জলবায়ু পরিবর্তনের জন্য বেশি দায়ী। তাই অন্যকে বলার আগে তাদের কার্বন নির্গমন অনেক কমানো উচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৪৫ ঘ.