২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেলায়াকে পুনর্বহালের দাবি নিয়ে হন্ডুরাস আলোচনায় অচলাবস্থা

হন্ডুরাসের রাজনৈতিক সঙ্কট সমাধানে শনিবারের আলোচনা অচলাবস্থায় পর্যবসিত হয়েছে সেনা অভ্যুত্থানে উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়াকে ক্ষমতায় পুনর্বহাল এবং ঐক্য সরকার গঠনের প্রস্তাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 04:27 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

কোস্টারিকা, ১৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হন্ডুরাসের রাজনৈতিক সঙ্কট সমাধানে শনিবারের আলোচনা অচলাবস্থায় পর্যবসিত হয়েছে সেনা অভ্যুত্থানে উৎখাতকৃত প্রেসিডেন্ট মানুয়েল জেলায়াকে ক্ষমতায় পুনর্বহাল এবং ঐক্য সরকার গঠনের প্রস্তাবে। জেলায়ার ঘনিষ্ঠ সহযোগী অ্যালেন ফাজারদো জানান, "হন্ডুরাসের প্রতিপক্ষদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে ঐক্য সরকার গড়ার প্রস্তাবে রাজি জেলায়া। তবে শর্ত হচ্ছে, ২৮ জুনে যারা তাকে উৎখাত করেছে তাদেরকে বাদ দিতে হবে।" রয়টার্সকে তিনি বলেন, "এখানে কোনও অভ্যুত্থানকারীর স্থান নেই।" কিন্তু হন্ডুরাস সরকার ক্ষমতা ভাগাভাগির এই প্রস্তাব প্রত্যাখ্যান করাসহ জেলায়াকে ক্ষমতায় ফিরিয়ে দেওয়ার দাবি পুনরায় নাকচ করেছে। হন্ডুরাসের অন্তর্বর্তী সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী মার্থা আল আলভারাদো রয়টার্সকে বলেন, "জাতীয় ঐক্য সরকারের প্রস্তাব মেনে নেওয়া যায় না।" ওদিকে, জেলায়া হন্ডুরান বেতার কেন্দ্রে এক সাক্ষাৎকারে বলেছেন, গ্রেপ্তারের হুমকির মুখেও আগামী দিনগুলোতে তিনি দেশে ফিরবেন। শনিবার কোস্টারিকার মধ্যস্থতায় হন্ডুরাসের দুই প্রতিপক্ষের মধ্যে ২য় দফা আলোচনা আলোজন করা হয় কোস্টারিকার রাজধানীতে। কিন্তু আলোচনায় অচলবস্থা হন্ডুরাসের রাজনৈতিক সঙ্কট সমাধানে জটিল পরিস্থিতিতে পড়েছেন মধ্যস্থতাকারী কোস্টারিকার প্রেসিডেন্ট আরিয়াস। আলোচনার শুরুতে আরিয়াস ৭ দফা প্রস্তাব দেন। এ ৭ দফা প্রস্তাবে দুপক্ষের সমঝোতা চান আরিয়াস। এর মধ্যে রয়েছে, জেলায়াকে ক্ষমতায় পুনর্বহাল, সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্বের ভিত্তিতে জোট সরকার গঠন এবং সেনা অভ্যুত্থানের পর যে কোনও রাজনৈতিক অপরাধের জন্য সাধারণ ক্ষমার প্রস্তাব। ২৮ জুন হন্ডুরাসে সেনা অভ্যুত্থানে জেলায়া ক্ষমতাচ্যুত হন। ক্ষমতায় পুনর্বহালের জন্য হন্ডুরাসের এই ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ব্যাপক আন্তর্জাতিক সমর্থন পাচ্ছেন। তাকে পুনর্বহাল করা হলেই সঙ্কটের সমাধান হবে বলে দাবি করেছেন জেলায়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৩৫ ঘ.