২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলায় দায়ীদের বিচারে পাকিস্তান দৃঢ়প্রতিজ্ঞ: গিলানি

মুম্বাই হামলায় জড়িতদের বিচারের আওতায় আনতে পাকিস্তান দৃঢ়প্রতিজ্ঞ। তবে ভারতের কাছ থেকে আরও তথ্য পাওয়ার অপেক্ষায় আছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি শনিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2009, 03:38 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

ইসলামাবাদ, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মুম্বাই হামলায় জড়িতদের বিচারের আওতায় আনতে পাকিস্তান দৃঢ়প্রতিজ্ঞ। তবে ভারতের কাছ থেকে আরও তথ্য পাওয়ার অপেক্ষায় আছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি শনিবার একথা বলেছেন। ২৯-২৬ নভেম্বরে ভারতের মুম্বাইয়ে দুটো বিলাসবহুল হোটেল, রেলওয়ে স্টেশন, ক্যাফে এবং ইহুদি সেন্টারে পাকিস্তানি জঙ্গিদের সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হয়। মিশরের শার্ম এল শেখ এর ন্যাম সম্মেলন শেষে দেশে ফিরে এক সাংবাদিক সম্মেলনে গিলানি বলেন, "আমরা একটি দলিল পাঠিয়েছি এবং আরও তথ্যের জন্য অনুরোধ জানিয়েছি। আরও তথ্য পাওয়া মাত্র তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে।" মিশরের ন্যাম সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন গিলানি। বৈঠকে গিলানির কাছে মনমোহনের প্রধান দাবি ছিল মুম্বাই হামলায় দায়ীদের বিচার। এই দাবি পূরণ না হলে পাকিস্তানের সঙ্গে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু না করার শর্ত দেন মনমোহন। তবে গিলানি বলেন, এরপরও আলোচনাই যে দু' দেশের সামনে এগুনোর একমাত্র পথ সে ব্যাপারে মনমোহন একমত প্রকাশ করেছেন এবং পাকিস্তানের সঙ্গে সব ইস্যু নিয়েই তিনি আলোচনা করতে প্রস্তুত থাকার আশ্বাস দিয়েছেন। ওদিকে, কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের ফেডারেল তদন্ত সংস্থা শনিবার মুম্বাই হামলার ৫ সন্দেহভাজনের ওপর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। ৫ জনের মধ্যে রয়েছে, লস্কর-ই-তৈয়বা জঙ্গি দলের কমান্ডার জাকি-উর রেহমান লাখভি এবং অন্য ৪ জন হচ্ছে, হাম্মাদ আমিন, জারার শাহ, মাজহার ইকবাল আলিয়াস আবু আল কামা এবং শহীদ জামিল রিয়াজ। এদেরকে রাওয়ালপিন্ডির জেলে আটক রাখা হয়েছে। ২৫ জুলাই এদের বিচার প্রক্রিয়া শুরুর কথা রয়েছে। আটক ৫ জন ছাড়াও পাক-তথ্যমন্ত্রী রেহমান মালিক গত সপ্তাহে অন্য আরও ১৩ সন্দেহভাজনের তালিকা দিয়েছিলেন। এই ১৩ জন এখনও ধরা পড়েনি। ভারত চায় পাকিস্তান লস্কর-ই-তৈয়্যবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের বিরুদ্ধেও ব্যবস্থা নিক। মুম্বাই হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তান লস্কর-ই-তৈয়্যবাকে নিষিদ্ধ করলে হাফিজ এই দল ছেড়ে জামাত উদ দাওয়া দাতব্য দলের প্রধান হন। পরে জাতিসংঘ হাফিজসহ জামাত-উদ দাওয়াকে কালো তালিকাভুক্ত করলে পাকিস্তান গত ডিসেম্বরে হাফিজকে গৃহবন্দি করে। তবে ২ জুন লাহোর আদালত হাফিজকে মুক্তি দেয়। ৬ জুলাই সরকার আদালতের রায়ের বিরুদ্ধে আপীল করে ব্যর্থ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০৪১ ঘ.