ইসলামাবাদ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ড তদন্তে বৃহস্পতিবার ইসলামাবাদে পৌঁছেছে তিন সদস্যের জাতিসংঘ দল।
২০০৭ সালের ২৭ ডিসেম্বরে রাওয়ালপিন্ডিতে নির্বাচনী প্রচারাভিযান চালানোর সময় গুলি ও বোমা হামলায় বেনজির ভুট্টো নিহত হওয়ার পেছনে কে বা কারা জড়িত ছিল তা নিয়ে আজও জল্পনা চলছে।
ঘটনা তদন্তের জন্য বেনজিরের পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতৃত্বাধীন পাকিস্তানের জোট সরকারের অনুরোধে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
চিলির জাতিসংঘ রাষ্ট্রদূত হেরাল্ডো মুনোজের নেতৃত্বাধীন এই কমিশন কেবল বেনজির হত্যাকাণ্ডের ঘটনা খতিয়ে দেখবে। অপরাধ তদন্ত করবে না। অপরাধ তদন্তের দায়িত্ব পাকিস্তান কর্তৃপক্ষের। বৃহস্পতিবার জাতিসংঘের প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।
কমিশন ছয়মাসে তাদের কাজ শেষ করে ডিসেম্বরের শেষে মহাসচিব বানের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেবে। বান তখন তদন্ত থেকে পাওয়া তথ্য পাকিস্তান সরকারকে দেবেন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।
পাকিস্তানের পূর্ববর্তী প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সরকার বেনজির হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানি তালেবান কমান্ডার এবং আল কায়েদা মিত্র বাইতুল্লাহ মেহসুদকে দায়ী করেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'ও মেহসুদকেই হত্যাকাণ্ডের হোতা বলে ধারণা করছে। তবে মেহসুদ এই অভিযোগ অস্বীকার করেছেন।
মেহসুদ ছাড়াও বেনজির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের মিত্রদের চক্রান্তের শিকার হয়ে থাকতে পারেন বলে জল্পনা রয়েছে।
২০০৭ সালের অক্টোবরে নির্বাসন থেকে দেশে ফেরার সময় বেনজির মুশাররফের কাছে লেখা একটি চিঠিতে বেশ কয়েকজন ক্ষমতাধর ব্যক্তির নাম দিয়ে বলেছিলেন, তিনি নিহত হলে ওই ব্যক্তিদের তদন্ত করা উচিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫১ ঘ.
bdnews24