২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ মার্কিন সেনা কমান্ডার মুলেন ইসলামাবাদে

পাকিস্তানি জেনারেলদের সঙ্গে তালেবানবিরোধী অভিযান জোরদার করার আলোচনা করতে বৃহস্পতিবার ইসলামাবাদে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কমান্ডার এডমিরাল মাইক মুলেন। পাকিস্তান-আফগানিস্তানের সীমান্ত এলাকায় তালেবান যোদ্ধাদের উপর চাপ বাড়াতে দু'দেশই পথ খুঁজছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2009, 10:15 AM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ইসলামাবাদ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানি জেনারেলদের সঙ্গে তালেবানবিরোধী অভিযান জোরদার করার আলোচনা করতে বৃহস্পতিবার ইসলামাবাদে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কমান্ডার এডমিরাল মাইক মুলেন। পাকিস্তান-আফগানিস্তানের সীমান্ত এলাকায় তালেবান যোদ্ধাদের উপর চাপ বাড়াতে দু'দেশই পথ খুঁজছে। ইউএস জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মাইক মুলেন এর আগে আফগানিস্তান সফর করেছেন। সেখানে গত ৮ বছরের যুদ্ধে চলতি মাসে সবচেয়ে বেশি ৪৬ জন বিদেশি সৈন্য প্রাণ হারিয়েছে। মুলেন পাক সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি এবং পাকিস্তান জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল তারিক মজিদের সঙ্গে দেখা করবেন। পাকিস্তান সেনাবাহিনী পদসোপান অনুযায়ী সেনাপ্রধানই এই দুই পদের মধ্যে উপরে। একটি ইসলামিক ওয়েবসাইটে আল-কায়দার দ্বিতীয় প্রধান আইমান আল-জাওয়াহিরির যুক্তরাষ্ট্র এবং তার তল্পিবাহক পাকিস্তানের রাজনৈতিক ও সেনা নেতৃত্বের বিরুদ্ধে এর জনগণের জিহাদে যোগ দেওয়ার আহ্বানের অডিও বার্তা প্রচারিত হওয়ার একদিন পরই মুলেন পাকিস্তান সফরে এলেন। গত এপ্রিলে সোয়াত উপত্যকায় তালেবান জঙ্গিদের শক্তি বৃদ্ধি পেলে পাকিস্তান সেনাবাহিনী জঙ্গি দমনে আক্রমণ শুরু করে। এর ফলে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও ঘনিষ্ট হয়। লাহোর শহরসহ বেশ কিছু স্থানে হামলার মাধ্যমে তালেবানরা তাদের শক্তিমত্তা দেখিয়েই চলছে। এতে করে পারমাণবিক শক্তিধর পাকিস্তানে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সরকারের স্থিতিশীলতা নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন। বিশেষ করে পরমাণু স্থাপনাসমৃদ্ধ রাওয়ালপিণ্ডি শহরে একটি যাত্রীবাহী বাসে ২ জুলাই আত্মঘাতী বোমা হামলা সংঘটিত হওয়ায় এ আশঙ্কা আরও বেড়ে গেছে। ওই হামলায় ১ জন নিহত এবং ২৯ জন আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমএইচবি/১৭২০ ঘ.