বেইজিং, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- সিনচিয়াংয়ের দাঙ্গায় সরকারের দমনাভিযানের বিরুদ্ধে আল-কায়দার সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার হুমকি সম্পর্কে আলজেরিয়ার চীনা নাগরিকদেরকে সতর্ক করেছে বেইজিং। ওদিকে, ফিলিপাইনের চীনা দূতাবাসগুলোতেও নিরাপত্তা জোরদার হচ্ছে।
চীনের সিনচিয়াং প্রদেশের রাজধানী উরমছিতে ৫ জুলাইয়ের জাতিগত দাঙ্গা পরবর্তী পরিস্থিতি বিবেচনায় আলজেরিয়ায় চীনা দূতাবাস তাদের ওয়েবসাইটে সব চীনা নাগরিক এবং বিভিন্ন চীনা প্রতিষ্ঠানকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
চীনের ওই দাঙ্গায় উইগুর মুসলিম হতাহতের প্রতিশোধ নিতে আল-কায়েদা উত্তরপশ্চিম আফ্রিকার চীনা কর্মীদের ওপর হামলা চালাতে পারে বলে এক প্রতিবেদনে জানায় লন্ডনের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা পরামর্শক স্টারলিং এসায়েন্ট। এর পরিপ্রেক্ষিতেই চীন ওই সতর্ক বার্তা দিল।
এ প্রতিবেদনের ব্যাপারে জিজ্ঞেস করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিন গ্যাঙ্গ মঙ্গলবার বলেন,"চীন প্রবাসীদেরকে তাদের নিরাপত্তা এবং ব্যক্তিগত সুরক্ষা বাড়ানোর কথা স্মরণ করিয়ে দিচ্ছে। চীন বিদেশে বসবাসকারী তাদের নাগরিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষায় যে কোনও প্রয়োজনীয় পদক্ষেপই নেবে।"
ওদিকে, দেশের দক্ষিণাঞ্চলে মুসলিম বিদ্রোহিদের সঙ্গে লড়াইরত ফিলিপাইনও চীনা দূতাবাস ও কনস্যুলেটে নিরাপত্তা বাড়াচ্ছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় পুলিশ বিভাগের প্রধান আন্দ্রেস ক্যারো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এলকিউ/১৮১২ ঘ.
bdnews24