লস এঞ্জেলেস, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----পপ সম্রাট মাইকেল জ্যাকসনের আকস্মিক মৃত্যুর জন্য এবার লন্ডন কনসার্টকে দুষলেন তার বাবা জো জ্যাকসন। ওই কনসার্টে জ্যাকসন মাত্র ১০ টি শো করতে রাজি ছিলেন। কিন্তু আয়োজকরা এ সংখ্যা বাড়িয়ে ৫০ করায় তা জ্যাকসনের শরীর-স্বাস্থ্যে বাড়তি চাপ সৃষ্টি করেছিল বলে এক টিভি সাক্ষাৎকারে জানিয়েছেন জো।
এবিসি নিউজ টিভি চ্যানেলকে তিনি জানান, জ্যাকসন তাকে লন্ডনে মাত্র ১০টি শো করতে রাজি থাকার কথা বলেছিলেন। কিন্তু কনসার্ট আয়োজকরা আরও অনেক বেশি কনসার্টের জন্য বুকিং দেওয়ায় শো'র সংখ্যা দাঁড়ায় ৫০টিতে। সাক্ষাৎকারটি সোমবার প্রচারিত হয়।
এতে জো বলেন, "আমি তার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলাম। কারণ আমি জীবনে যত অনুষ্ঠান দেখেছি তাতে কোনও শিল্পীর পক্ষের এভাবে একের পর এক এতগুলো অনুষ্ঠান করা সম্ভব নয়। তাই আমি জানতাম মাইকেলও সবগুলো কনসার্ট বিশ্রাম ছাড়া একনাগাড়ে করতে পারবে না।"
কিন্তু জ্যাকসনের লন্ডন কনসার্টের আয়োজক কোম্পানি এইজি লাইভ এর প্রধান নির্বাহী এবং প্রেসিডেন্ট র্যান্ডি ফিলিপস এক বিবৃতিতে ভিন্ন কথা জানিয়েছেন। তিনি জানান, প্রকৃতপক্ষে কনসার্টের সংখ্যা কমই ছিল। কিন্তু জ্যাকসন আরও বেশি কনসার্ট করতে রাজি হয়েছিলেন।
তিনি বলেন, "আমাদের আসল চুক্তিতে ৩১টি শো করার কথা ছিল জ্যাকসনের।"
প্রাথমিক অবস্থায় অবশ্য ১০টি কনসার্টের কথাই ঘোষণা করা হয়েছিল। তবে ব্যাপারটি নিয়ে এইজি লাইভ জ্যাকসনের পরামর্শক ডা. টমি টমির সঙ্গে কথা বলে এবং জিজ্ঞেস করে জ্যাকসন আরও কনসার্ট করতে রাজি কিনা।
ফিলিপস জানান, প্রথম শোটি ১৩ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং ৫০ টি কনসার্টের এ সিরিজ শেষ হতে ২০১০ সালের ফেব্র"য়ারি পর্যন্ত সময় লেগে যেত।
ফিলিপস আরও জানান, ডা. টমি এইজি লাইভকে বলেন, জ্যাকসন ৫০টি কনসার্টে পারফরম করতে পারবেন এবং মাইকেল নিজে বলেছেন, ৫০টি কনসার্টে পারফরম করে তিনি রেকর্ড গড়তে চান।
৫০ বছরের এ পপ সম্রাটের বারো বছর পর আবারো লাইভ শোতে ফেরার জন্য লসএঞ্জেলেসের ডাউন টাউন স্টেপলস সেন্টারে মহড়া দিচ্ছিলেন। কিন্তু কে জানতো দিন কয়েক পরেই এখানে তাকে গণস্মরণানুষ্ঠানের জন্য কফিনবন্দি হয়ে হাজির হতে হবে।
জ্যাকসনকে গত ২৫ জুন অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি পরে মারা যান। এখনও তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে বিট্রিশ পত্রিকা দ্য ডেইলি মেইলকে দেওয়া আলাদা এক সাক্ষাৎকারে জ্যাকসনের বোন লা টয়া জ্যাকসন বলেছেন, তার আশপাশের মানুষই তাকে ষড়যন্ত্র করে খুন করেছে।
তিনি রীতিমতো বিশ্বাস করছেন, কনসার্ট সিরিজের জন্য জ্যাকসন কঠোর পরিশ্রম করছিলেন। এ সময় ইচ্ছাকৃতভাবেই তাকে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এলকিউ/১৩৫০ ঘ.
bdnews24