ওয়াশিংটন, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- নতুন এইচ১এন১ ফ্লু সংক্রমণ 'অপ্রতিরোধ্য' ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সোমবার ওষুধ প্রস্তুতকারকদের এই ফ্লু'র টিকা তৈরিতে কোমর বেঁধে নামার আহ্বান জানিয়েছে। সেইসঙ্গে প্রথমেই স্বাস্থকর্মীদের টিকা দেওয়া উচিত বলে মন্তব্য করেছে সংস্থাটি।
ডব্লিউএইচও'র টিকা গবেষণা কর্মসূচির পরিচালক ডা ম্যারি-পৌলে কিয়েনি বলেছেন, "প্রত্যেকটি দেশের নাগরিকদেরকেই সোয়াইন ফ্লু ভাইরাসের টিকা দেওয়ার প্রয়োজন পড়বে এবং নার্স, ডাক্তার ও টেকনিশিয়ানদের পর কাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে সেটিও নির্ধারণ করতে হবে।"
কয়েকটি প্রতিবেদনে দেখা গেছে, নতুন ভাইরাস সংক্রমণ সিজনাল ফ্লু' সংক্রমণের মতো একইভাবে ঘটে না। এতে সাধারণত বয়সে তরুণরাসহ অতিরিক্ত মোটারা এবং স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্ক লোকজন আক্রান্ত হয় বেশি। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস।
ডব্লিউএইচও'র 'স্ট্র্যাটেজিক এডভাইজরি গ্র"প অব এক্সপার্টস অন উমিউনাইজেশন' (এসএজিই)এর গবেষণার ফল সম্পর্কিত এক ব্রিফিংয়ে কিয়েনি সাংবাদিকদের বলেন, কমিটি এইচ১এন১ ফ্লু অপ্রতিরোধ্য বলে স্বীকার করে নিয়েছে। কাজেই সব দেশেরই এখন টিকা পাওয়া প্রয়োজন।"
তিনি আরও বলেন, "ভাইরাস সংক্রমণের মুখে স্বাস্থ্যখাতকে কার্যকরী রাখতে প্রথমেই সব দেশের স্বাস্থ্যকর্মীদের প্রতিষেধক দেওয়া উচিত। এরপর ভাইরাস সংক্রমণের স্বরূপের ভিত্তিতে কাকে আগে প্রতিষেধক দেওয়া হবে সে সিদ্ধান্ত নিতে হবে প্রতিটি দেশকে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১৫৪ ঘ.
bdnews24