রায়পুর, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের হামলায় জেলা পুলিশ প্রধানসহ কমপক্ষে ২৯ পুলিশ নিহত হয়েছে। এছাড়া নিখোঁজ আরও ১৩ পুলিশকে উদ্ধারের জন্য সোমবার আধাসামরিক বাহিনীর শত শত সেনা মোতায়েন করেছে কর্তৃপক্ষ।
গভীর বনাঞ্চল রাজানান্দগাঁও জেলায় রোববার রাতে পুলিশ টহলের সময় ওই হামলা চালানো হয়।
পুলিশ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কেননা এখনও ১৩ পুলিশ নিখোঁজ রয়েছে। তাদের খোঁজার অভিযান চলছে।
সোমবার পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পবন দে বলেন, "মাওবাদীরা পুলিশের ওপর আরও হামলা করতে পারে এমন সংবাদের ভিত্তিতে পশ্চিমাঞ্চল ও দক্ষিণ থেকে গোয়েন্দা আনা হচ্ছে।"
হামলাটি হয়েছে মহারাষ্ট্র সীমান্তবর্তী রাজনন্দগাও জেলায়। ঘন জঙ্গলে ঘেরা এই এলাকা দীর্ঘদিন ধরেই মাওবাদীদের শক্ত ঘাঁটি।
দরিদ্র কৃষক ও ভূমিহীন শ্রমিকদের অধিকার আদায়ের দাবিতে সংগ্রাম করে আসা মাওবাদীরা পূর্ব, মধ্য ও দক্ষিণ ভারতে প্রভাব বিস্তার করছে।
১৯৬০ এর দশকের শেষ দিকে শুরু হওয়া এই মাওবাদী বিদ্রোহে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬২৯ ঘ.
bdnews24