নয়াদিল্লি, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- ভারতের নয়াদিল্লিতে অর্ধনির্মিত একটি মেট্রো সেতু ভেঙে অন্ততপক্ষে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় রোববার পদত্যাগ করেছেন দিল্লির মেট্রো রেলের প্রধান ইরাত্তুভালাপিল শ্রীধরন।
শ্রীধরন বলেন, "আমি শুরু থেকেই এই প্রজেক্টের দায়িত্বে আছি। এই দুর্ঘটনায় আমি মর্মাহত। আমাকে এর পূর্ণ দায়দায়িত্ব নিতে হবে।"
রোববার সকালের দিকে দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা জানিয়েছেন, এতে ৫ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কেউ আটকা পড়ে আছে কিনা তা খুঁজে দেখছে।
সেতু নির্মাণ কাজে নিয়োজিত এক শ্রমিক জানিয়েছে, কংক্রিটের পিলার ভেঙে পড়ার সময় ঘটনাস্থলে অন্ততপক্ষে ২৫ জন কাজ করছিল।
দিল্লির মেট্রো রেল করপোরেশনের পরিচালক ৭৭ বছর বয়স্ক শ্রীধরন এ পর্যন্ত সরকারি সমর্থন পেয়ে এসেছেন এবং সেতু নির্মাণে বিলম্ব, অতিরিক্ত ব্যয় কিংবা লাল ফিতার দৌরাত্মে তিনি বিচলিত হননি।
২ দশমিক ৩ বিলিয়ন ডলার বাজেটে এই সেতুটির প্রথম ধাপের নির্মাণকাজ শুরু হয় ২০০৫ সালে। শ্রীধরনের নিজ চেষ্টায় নির্ধারিত সময়ের তিন বছর আগেই প্রজেক্টের কাজ শুরু হয়। ২য় ধাপে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ চলছে।
মেট্রো কনস্ট্রাকশন প্রজেক্ট চলার মাঝে এক বছরেরও কম সময়ের মধ্যে এটি ২য় দুর্ঘটনা। অক্টোবরে আরেকটি সেতু ভেঙে পড়ে দুজন নিহত এবং ১২ জন আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৭ ঘ.
bdnews24