লস এঞ্জলেসে, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মাইকেল জ্যাকসনকে হত্যা করা হয়েছে বলে তার বাবা জো জ্যাকসন সন্দেহ করছেন। নিজেকে উদ্বেগ-উৎকণ্ঠামুক্ত রাখতেই বাহ্যত জ্যাকসন ড্রাগ নিয়েছে বলে তিনি দাবি করেন।
শুক্রবার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার এ সন্দেহের কথা প্রকাশ করেন।
জ্যাকসনের বাবা (৭৯) ওই সাক্ষাৎকারে বলেন, "মাইকেলের ক্ষেত্রে যা ঘটেছে তা আমি বিশ্বাস করতে পারিনি। আমি বিশ্বাস করি যে তাকে হত্যা করা হয়েছে। আমি এটা বিশ্বাস করি।"
এ ব্যাপারে বিস্তারিত তিনি আর কিছু বলেননি।
গত ২৫ জুন পপ সুপারস্টারের মৃত্যুর পর তার বাড়ি থেকে শক্তিশালী প্রেসক্রিপশন ড্রাগ পাওয়া যাওয়ার বিষয়ে তিনি কী জানেন জিজ্ঞেস করা হলে জো জ্যাকসন বলেন, "আমি ওই ড্রাগ সম্পর্কে কিছুই জানতাম না। এমনকি এর নাম পর্যন্ত আমি জানতাম না। তবে আমি জানি- সে যে ওষুধ ব্যবহার করেছে তা নিজেকে বিশ্রাম দিতে এবং উদ্বেগ-উৎকণ্ঠামুক্ত রাখার জন্যই করেছে। কারণ সে কঠোর পরিশ্রম করছিল।
"কিন্তু সে আর জেগে ওঠেনি। সে কখনও জেগে ওঠেনি। ঘুমের মধ্যেই মাইকেলের মৃত্যু হয়েছে।"
গত ২৫ জুন জ্যাকসনকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ উদ্ঘাটন হয়নি। মৃত্যুর পর জ্যাকসনের লস এঞ্জেলেসের বাড়ি থেকে মারাত্মক উত্তেজনানাশক ওষুধ 'ডাইপ্রিভান'
পাওয়া যায় বলে সংবাদ মাধ্যমে খবর বের হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিডি/ডিডি/এইচএ/০১২৫ ঘ.
bdnews24