২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বাস্তুচ্যুতদের গৃহে ফেরায় সহায়তার জন্য তৈরি জাতিসংঘ

পাকিস্তানে নিরাপত্তাবাহিনী ও তালেবান জঙ্গিদের লড়াইয়ের কারণে বাস্তুচ্যুত হওয়া লোকজনের বাড়িঘরে ফিরে যাওয়ায় সহায়তা করার জন্য তৈরি আছে জাতিসংঘ। তাদের ফিরে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি না সেটা নিয়ে উদ্বেগ সত্ত্বেও এই প্রস্তুতির কথা জানিয়েছেন বিশ্ব সংস্থাটির শীর্ষ এক কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2009, 01:10 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

ইসলামাবাদ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে নিরাপত্তাবাহিনী ও তালেবান জঙ্গিদের লড়াইয়ের কারণে বাস্তুচ্যুত হওয়া লোকজনের বাড়িঘরে ফিরে যাওয়ায় সহায়তা করার জন্য তৈরি আছে জাতিসংঘ। তাদের ফিরে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি না সেটা নিয়ে উদ্বেগ সত্ত্বেও এই প্রস্তুতির কথা জানিয়েছেন বিশ্ব সংস্থাটির শীর্ষ এক কর্মকর্তা। পাকিস্তান বৃহস্পতিবার বলেছে, উত্তরপশ্চিমাঞ্চলে লড়াইয়ের কারণে এলাকা ছেড়ে চলে আসা প্রায় ২০ লাখ মানুষকে আগামী সোমবার থেকে পর্যায়ক্রমে স্ব স্ব এলাকায় পাঠিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই মানুষদের হালঅবস্থার বিষয়টি পাকিস্তান সরকারের জন্য অত্যন্ত স্পর্শকাতর। এদের ভোগান্তি অহেতুক বাড়তে থাকলে তালেবানবিরোধী অভিযানে তাদের সমর্থন উবে যেতে পারে। মানবাধিকার বিষয় এবং জরুরি ত্রাণ সমন্বয় সংক্রান্ত জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল জন হোমস শুক্রবার বলেছেন, তার সংস্থাও চায় যত তাড়াতাড়ি সম্ভব বাস্তুচ্যুত লোকজন তাদের বাড়িঘরে ফিরে যাক। তবে তার আগে নিরাপত্তা পরিস্থিতি ও মৌলিক সেবা পাওয়ার বিষয়টি গ্রহণযোগ্য পর্যায়ে থাকতে হবে। ইসলামাবাদে সাংবাদিকদের হোমস বলেন, "এই বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে ব্যাপকভাবে আলোচনা করছি। আমাদের দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি ঠিক হয়ে এসেছে কী না তা নিশ্চিত হতে চাই। লোকজন তৈরি হওয়ার আগেই তাদের যাতে জোর করে পাঠিয়ে দেওয়া না হয় সেটিই আমাদের প্রধান উদ্বেগ।" গত দু'মাসে বাড়িঘর ছেড়ে পালিয়ে আসা লোকজনের বেশিরভাগই নিরাপদ এলাকায় আত্মীয় ও পরিচিত লোকজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। আর প্রায় ২ লাখ ৮০ হাজারের ঠাঁই হয়েছে অস্থায়ী তাঁবুতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২০৭ ঘ.