২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব উষ্ণায়ন রোধে জি-এইট লক্ষ্যমাত্রার সমালোচনায় বান

জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে আরও দৃঢ় অঙ্গীকার করতে ব্যর্থতার জন্য বৃহস্পতিবার জি-এইট এর শিল্পোন্নত দেশগুলোর নেতাদের সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন রোধে জি-এইটের অগ্রগতি যথেষ্ট নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2009, 02:47 PM

Updated : 26 Aug 2022, 11:43 AM

লা ইকুইলা জুলাই ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে আরও দৃঢ় অঙ্গীকার করতে ব্যর্থতার জন্য বৃহস্পতিবার জি-এইট এর শিল্পোন্নত দেশগুলোর নেতাদের সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন রোধে জি-এইটের অগ্রগতি যথেষ্ট নয়। বান আরও বলেন, "মানবতার ভবিষ্যৎ এমনকি বিশ্বব্রম্মান্ডের ভবিষ্যতের জন্য জলবায়ু পরিবর্তনের বিষয়টি রাজনৈতিক ও নৈতিক দিক থেকে বাধ্যতামূলক এবং ঐতিহাসিক দায়িত্ব।" ইতালির লা ইকুইলায় শুরু হওয়া তিনদিনব্যাপী জি-এইট সম্মেলনের প্রথমদিনে বুধবার শিল্পোন্নত দেশগুলোর নেতারা ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন ৫০ থেকে ৮০ শতাংশ কমাতে একমত হন। কিন্তু বান বলেন, অবিলম্বে এর চেয়েও বেশি মাত্রায় কার্বন নির্গমন কমানো প্রয়োজন। বিবিসি একথা জানিয়েছে। কার্বন নির্গমন কমানোর পাশাপাশি বিশ্ব উষ্ণায়ন ২০৫০ সালের মধ্যে শিল্প বিপ্লব যুগের তাপমাত্রার চেয়ে সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াসে (৩ দশমিক ৬ ফারেনহাইট) সীমাবদ্ধ রাখতে নেতারা বুধবার একমত হলেও উন্নয়নশীল দেশগুলো কার্বন নির্গমন কমানোর আগ্রহ দেখায়নি। চীন এবং ভারত কার্বন নির্গমন ২০৫০ সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা মেনে নেয়নি। উন্নয়নশীল দেশগুলো ২ ডিগ্রি সেলসিয়াসে বিশ্ব উষ্ণায়ন সীমাবদ্ধ রাখার লক্ষ্যমাত্রা মেনে নিতে রাজি থাকার মনোভাব দেখালেও এটি অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসাবে কার্বন নির্গমন ব্যাপকমাত্রায় কমাতে তারা রাজি নয়। বিশেষ করে যতক্ষণ পর্যন্ত না তারা উন্নত দেশগুলোর কাছ থেকে আরও অর্থনৈতিক সহযোগিতার প্রতিশ্র"তি পাচ্ছে। ভারতের আলোচকরা বলেছেন, তারা চায় ধনী দেশগুলো প্রথমে উন্নয়নশীল দেশগুলোকে তাদের বিভিন্ন সমস্যা মোকাবেলায় অর্থ সহায়তা দেওয়ার পরিকল্পনা নিক। কিন্তু ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি বলেন, কেবল ইউরোপীয় দেশগুলো এবং জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা কার্বন নির্গমন হ্রাসের পদক্ষেপ নেবে আর বাদবাকী বিশ্ব যেমন চলছে তেমনই চললে বিশ্ব উষ্ণায়ন হ্রাসের লক্ষ্যমাত্রা কোনও ফল বয়ে আনবে না। বিশ্ব উষ্ণায়ন নিয়ে নতুন করে চুক্তিবদ্ধ হওয়ার চেষ্টায় বৃহস্পতিবার জি-এইট সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর নেতাদের নিয়ে আলোচনায় বসেন ধনী দেশগুলোর নেতারা। বিশ্ব উষ্ণায়নের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য নিয়েও একমত হওয়ার চেষ্টা চালান তারা। সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, "জলবায়ু পরিবর্তন নিয়ে উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে ব্যবধান কমানোর সময় এখনও আছে।" কিন্তু জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে না এগুনোর জন্য বান কি মুন জি-এইটের সমালোচনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫৫ ঘ.