শ্রীনগর, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এক ছাত্রের মৃত্যুর ঘটনায় আবারও প্রতিবাদে ফুঁসে উঠেছে ভারতীয় কাশ্মীর। বুধবার রাজ্যের প্রধান শহর শ্রীনগরে পুলিশ শূন্যে গুলি ছুড়ে ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।
প্রতিবাদকারীরা অভিযোগ করেছে, ২০ বছর বয়সী ওই ছাত্রকে গ্রেপ্তারের পর হত্যা করেছে পুলিশ।
বুধবার ছাত্রটির লাশ পাওয়া যাওয়ার পর নগরীর ক্রুদ্ধ বাসিন্দারা রাস্তায় নেমে এসে পুলিশকে লক্ষ্য করে ইটপাথর ছুড়তে থাকে। পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। টায়ারে আগুন ধরিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। প্রতিবাদের মুখে নগরীর কেন্দ্রস্থলে ব্যবসা-বাণিজ্য ও অফিস আদালত বন্ধ হয়ে যায়।
পুলিশ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ওই ব্যক্তিকে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা হত্যা করেছে। গত সপ্তাহে সে নিখোঁজ হওয়ার পর বুধবার শ্রীনগরের একটি কবরস্থানের কাছে তার লাশ পাওয়া যায়।
গত ২৯ মে কাশ্মীরে ১৭ ও ২২ বছর বয়সী দুই মুসলিম নারীর মৃতদেহ পাওয়ার পর রাজ্যজুড়ে তীব্র ভারতবিরোধী বিক্ষোভ শুরু হয়। কাশ্মীরিরা বলেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই নারীকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করে।
বিক্ষোভ ও সহিংসতা দমন করতে গুলি চালিয়ে চারজনকে হত্যার পর ভারত সরকার গত সপ্তাহে কাশ্মীরের উত্তরের শহর বারামুল্লা থেকে আধা-সামরিক বাহিনী প্রত্যাহার করে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১০২ ঘ.
bdnews24