লস এঞ্জেলেস, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) --- ৫৩০ মিলিয়ন ডলারের বাজেট ঘাটতির মুখে পপ সম্রাট মাইকেল জ্যাকসনের স্মরণানুষ্ঠানে ভক্তদের ভিড় সামলানোর বিপুল খরচ নিয়ে উদ্বিগ্ন লস এঞ্জেলেসের কর্মকর্তারা। সোমবার এই উদ্বেগ প্রকাশ করে সিটি কাউন্সিলর ডেনিস জাইন হিসাব কষে বলেছেন, অনুষ্ঠানে পুলিশি নিরাপত্তা ও অন্যান্য ব্যয় বাবদ মোট খরচ পড়বে আড়াই মিলিয়ন ডলার।
মঙ্গলবার লস এঞ্জেলেসের ডাউন টাউনের ক্রীড়াঞ্চলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জ্যাকসনের স্মরণ অনুষ্ঠান। ২০ হাজার দর্শকধারণক্ষম স্টেপলস সেন্টারে স্মরণানুষ্ঠানের কনসার্ট আয়োজন করেছে এইজি লাইভ কোম্পানী। লন্ডনে জ্যাকসনের কনসার্ট করানোর দায়িত্ব ছিল এই কোম্পানীর হাতেই। কিন্তু ২৫ জুন জ্যাকসন হঠাৎ মারা যান। ফলে লন্ডন শো বাতিল করে এখন কনসার্ট করা হচ্ছে স্টেপল সেন্টারে।
লস এঞ্জেলেসের পুলিশ ধারণা করছে, স্মরণানুষ্ঠানে জ্যাকসন ভক্ত সমাগম হবে আড়াই লাখেরও বেশি।
লস এঞ্জেলেসের ভারপ্রাপ্ত মেয়র জ্যান পেরি এবং জাইন বলেছেন, তারা চান ভক্তদের ভিড় সামলানোর খরচ কনসার্ট আয়োজক এইজি লাইভই পরিশোধ করুক। কিন্তু এইজি লাইভ এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া জানায়নি।
শুধু তাই নয়, কনসার্ট আয়োজনে এইজি লাইভের কত খরচ হচ্ছে তাও জানা যায়নি। সোমবার এইজি'র কেউ কোনও ফোন বা মেইলেরও উত্তর দেয়নি।
তবে গত সপ্তাহে এইজির প্রধান নির্বাহী কর্মকর্তা র্যান্ডি ফিলিপস জানিয়েছিলেন, লস এঞ্জেলেসের খরচের বিষয়টিতে এইজি ওয়াকিবহাল।
তিনি বলেন,"আপনারা ভালো করেই জানেন এইজি লস এঞ্জেলেসে বড় ধরনের বিনিয়োগ করেছে। লস এঞ্জেলেস কর্তৃপক্ষের সঙ্গেও আমাদের সম্পর্ক দারুণ। তাই আমরা চেষ্টা চালাচ্ছি কত টাকা খরচ হবে তা বের করার এবং বাজেটটা একসঙ্গেই করার।"
লস এঞ্জেলেসের রিজার্ভ পুলিশ কর্মকর্তা জাইন জানান, ভিড় সামলাতে ২ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হচ্ছে।
ভারপ্রাপ্ত মেয়র পেরি বলেন, "৫৩০ মিলিয়ন ডলারের বাজেট ঘটতির মুখে জ্যাকসনের স্মরণানুষ্ঠানে লস এঞ্জেলেস কর্তৃপক্ষের খরচের বিষয়টি নিয়ে কর্মকর্তারা প্রশ্ন তুলেছেন। বাজেট ঘাটতির কারণে প্রতিটি ক্ষেত্রেই খরচ নিয়ে আমরা উৎকন্ঠায় আছি। সময়টা খুব কঠিন যাচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এলকিউ/১৩৩০ঘ.
bdnews24