উরুমচি, জুলাই ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিনজিয়াং প্রদেশে দাঙ্গা-সহিংসতায় জড়িত সন্দেহে চীনা পুলিশের গণগ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার উরুমচিতে পুলিশি বাধা উপেক্ষা করে বিক্ষোভ করেছে শ'শ' উইগুর। পাল্টা বিক্ষোভ করেছে হান চীনারাও। দাঙ্গা পুলিশের সঙ্গে উইগুর ও হান চীনা দুপক্ষেরই সংঘর্ষ হয়েছে। হান চীনাদের ইট-পাটকেলের জবাবে টিয়ারগ্যাস ছুড়েছে পুলিশ। (আরও তথ্যসহ)
রোববারের দাঙ্গা-সহিংসতার পর পুলিশ মোট ১৪৩৪ জনকে গ্রেপ্তার করেছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৬ জনে। আহত হয়েছে ৮০০রও বেশি মানুষ।
সহিংসতার দুইদিন পর গণগ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার উইগুর বিক্ষোভকারীরা বলেছে, তাদের পরিবারের সদস্যদের ইচ্ছাকৃতভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদক একথা জানিয়েছেন।
মালিয়া নামক এক বিক্ষোভকারী রয়টার্সকে বলেন, "পুলিশ গতকাল আমার স্বামীকে ধরে নিয়ে গেছে। এর কারণ জানায়নি তারা। তারা কেবল তাকে তুলে নিয়ে গেছে।"
উইগুর বিক্ষোভকারীদের বেশির ভাগই নারী। স্বামী, ভাই এবং সন্তানের পরিচয়পত্র হাতে নিয়ে তারা বিক্ষোভ করেছে। এদেরকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছে তারা।
অন্যদিকে, পাল্টা বিক্ষোভে উইগুরদের দোকানপাট ভাঙচুর করেছে শ' শ' জাতিগত হান চীনা।
সহিংসতা অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেলেও জিনজিয়াংয়ের কমিউনিস্ট পার্টির নেতা ওয়াং লেকুয়ান বলছেন, উত্তেজনা প্রশমিত হয়েছে। তবে লড়াই এখনও শেষ হয়নি বলেও সতর্ক করে দিয়েছেন তিনি।
জিনজিয়াংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যম ওয়াং এর উদ্ধৃতি দিয়ে বলেছে, তিনি কর্মকর্তাদেরকে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে সংগ্রামে নামার ডাক দিয়েছেন।
প্রায় ২ হাজার সেনা, পুলিশ ও অগ্নিনির্বাপণ কর্মী সোমবার বিক্ষুব্ধ দাঙ্গা-সহিংসতা নিয়ন্ত্রণে আনার পর উরুমচিতে আবারও বিক্ষোভ শুরু হল।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মোট ১,৪৩৪ জন গ্রেপ্তার হয়েছে। স্থানীয় অধিবাসীরা রয়টার্সকে বলেছে, পুলিশ উইগুর এলাকাতেই নির্বিচারে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে।
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও অন্যান্য এলাকায় অস্থিরতা ছড়িয়ে পড়ছে। উরুমচির পর সোমবার সন্ধ্যায় 'কাসগর' এ প্রায় ২০০ লোকের বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে পুলিশ। সিনহুয়া একথা জানিয়েছে।
বিক্ষোভ দমনে পুলিশ বলপ্রয়োগ করেছে কিনা তা জানা যায়নি। তবে কাসগর বিমানবন্দর ও শহরতলীর মাঝের এলাকায় চেকপয়েন্ট বসানো হয়েছে। কাসগরের অবস্থান জিনজিয়াংয়ের পশ্চিমে।
এশিয়ার মানবাধিকার পরিস্থিতি তদারককারী সংস্থার এডভোকেসি ডাইরেক্টর সোফি রিচার্ডসন চীনের এই সহিংসতার ঘটনার তদন্ত আহ্বান করেছেন। তিনি বলেন, "সহিংসতার সূত্রপাত যেই করুক এ অঞ্চলে জাতিগত উত্তেজনা কমাতে সরকারের উচিত উইগুরদের ক্ষোভের বিষয়টিতে নজর দেওয়া। যাতে পরিস্থিতি আরও খারাপের দিকে না যায়।"
মানবাধিকার গ্র"পগুলো বিক্ষোভ দমনাভিযানের ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছে এতে করে জাতিগত উত্তেজনা আরও বাড়বে।
চীনে কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা। বেইজিংয়ের ৩,২৭০ কিলোমিটার পশ্চিমে উরুমকি শহরে সরকারের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে রোববার সহিংসতা ছড়িয়ে পড়ে।
জুনের শেষ দিকে শাওগুয়ানে সরকারের হান চাইনিজ এবং উইগুর ফ্যাক্টরি কর্মীদের সংঘর্ষ (ওই সংঘর্ষে দুই উইগুর নিহত হয়) সামাল দেওয়ার বিষয়টি নিয়ে জিনজিয়াংয়ের রাজধানী উরুমচির রাস্তায় রাস্তায় বিক্ষোভ করে স্থানীয় উইগুররা। তারা গাড়ি ভাঙচুর করাসহ গাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় দাঙ্গাপুলিশ ও সেনাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে।
সরকার জাতিগত এই অস্থিরতাকে তাদের ক্ষমতার বিরুদ্ধে ষড়যন্ত্র আখ্যা দিয়েছে। সরকার এই উত্তেজনার জন্য জাতিগত মুসলিম উইগুর স
bdnews24