২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার ইসরায়েলের আছে: বাইডেন

যুক্তরাষ্ট্র রাজি থাক বা না থাক ইরানের পরমাণু হুমকির বিরুদ্ধে ইসরায়েলের নিজস্বার্থ রক্ষায় যে কোনও ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার স্বার্বভৌম অধিকার আছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন রোববার এক সাক্ষাৎকারে একথা বলেছেন। এর মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক ব্যবস্থার সিদ্ধান্তেও যুক্তরাষ্ট্রের বাধ না সাধার ইঙ্গিত দিলেন বাইডেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2009, 04:01 AM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ওয়াশিংটন, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্র রাজি থাক বা না থাক ইরানের পরমাণু হুমকির বিরুদ্ধে ইসরায়েলের নিজস্বার্থ রক্ষায় যে কোনও ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার স্বার্বভৌম অধিকার আছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন রোববার এক সাক্ষাৎকারে একথা বলেছেন। এর মধ্য দিয়ে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক ব্যবস্থার সিদ্ধান্তেও যুক্তরাষ্ট্রের বাধ না সাধার ইঙ্গিত দিলেন বাইডেন। এবিসি নিউজ চ্যানেলের 'দিস উইক' প্রেগ্রামে এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, "ইরানের পরমাণু হুমকি সবচেয়ে ভালো কিভাবে সামাল দেওয়া যাবে ইসরায়েল নিজেই তা নির্ধারণ করতে পারে।" তিনি বলেন, "একটি স্বার্বভৌম দেশ কোনও সিদ্ধান্ত নিলে তারা কি করতে পারে বা পারে না সে নির্দেশনা আমরা দিতে পারি না। তারা কোনও কিছু স্থির করলে তাদের অস্তিত্বের হুমকির মুখেই তা করবে।" মার্চে ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়া বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ইরানকে পরমাণু অস্ত্র সমৃদ্ধ হতে দেবে না। তেহরানকে পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা থেকে নিবৃত্ত করতে ইসরায়েল দেশটিতে সামরিক অভিযান চালানোর সম্ভাবনাও নাকচ করেনি। পরমাণু অস্ত্র সমৃদ্ধ ইরানকে ইসরায়েল তাদের অস্তিত্বের জন্য হুমকি হিসাবে দেখে আসছে। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এর আগে এক মন্তব্যে বলেছিলেন, ইসরায়েলকে বিশ্বমানচিত্র থেকে মুছে ফেলা উচিত। ইরান সামরিক উদ্দেশ্যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে। এ কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ উদ্দেশ্যেই ব্যবহৃত হচ্ছে বলে দাবি করে আসছে ইরান। কিন্তু আঞ্চলিক দেশগুলোর পরমাণু স্থপনায় বোমা হামলা চালানোর ইতিহাস ইসরায়েলের আছে। ২০০৭ সালে ইসরায়েল সিরিয়ার একটি পরমাণু চুল্লিতে বোমা হামলা চালায়। উত্তর কোরিয়ার সহায়তায় ওই চুল্লির কাজ প্রায় শেষ করে এনেছিল সিরিয়া। ১৯৮১ সালে ইরাকের পারমাণবিক চুল্লিতেও বোমা ফেলেছে ইসরায়েল। বাইডেন বলেছেন, "নেতানিয়াহু সরকার বর্তমান ব্যবস্থার পরিবর্তে ভিন্ন কোনও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিলে তা করার স্বার্বভৌম অধিকার তাদের আছে। এতে আমাদের বলার কিছু নেই।" ইরানের পামাণু কর্মসূচি নিয়ে বিরোধ কূটনৈতিক পন্থায় সমাধানে আগ্রগতির জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার এ বছরের শেষ নাগাদ বেঁধে দেওয়া সময়সীমায় রাজি থাকার ইঙ্গিত দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইরান ইউরেনিয়ম সমৃদ্ধকরণ কর্মসূচি পরিহারে রাজি না হওয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এ পর্যন্ত দেশটির ওপর তিনদফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। আলোচনার মধ্য দিয়ে বিরোধ নিস্পত্তির জন্য ইরানকে আমন্ত্রণ জানানোর পক্রিয়ায় রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনের সঙ্গে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এই নিষেধাজ্ঞার মুখেও ইরান ২০১৪ সালের মধ্যে পরমাণু অস্ত্র সমৃদ্ধ হয়ে উঠতে পারে বলে সতর্ক করে দিয়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান মির দাগান তেহরানের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১০৮ ঘ.