২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে তালেবানবিরোধী বিশাল অভিযান, সেনা অপহৃত

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে বৃহস্পতিবার বড় ধরনের তালেবানবিরোধী অভিযান শুরু করেছে প্রায় ৪ হাজার মার্কিন মেরিন সেনাসহ ৬৫০ আফগান সেনা-পুলিশের বিশাল বাহিনী। ১৯৮৯ সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহারের পর দেশটিতে এমন বিশাল বাহিনীর এত বড় অভিযান এটিই প্রথম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2009, 01:53 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

আফগানিস্তান, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে বৃহস্পতিবার বড় ধরনের তালেবানবিরোধী অভিযান শুরু করেছে প্রায় ৪ হাজার মার্কিন মেরিন সেনাসহ ৬৫০ আফগান সেনা-পুলিশের বিশাল বাহিনী। ১৯৮৯ সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহারের পর দেশটিতে এমন বিশাল বাহিনীর এত বড় অভিযান এটিই প্রথম। যুক্তরাষ্ট্রের বারাক ওবামা প্রশাসনের আমলে এটি আফগানিস্তানে সবচে বড় অভিযান। 'অপারেশন খঞ্জর' নামের এই অভিযানের লক্ষ্য হেলমান্দ প্রদেশের 'রিভার' উপত্যকার পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়া। এ প্রদেশটি তালেবান বিদ্রোহের কেন্দ্রস্থল এবং সবচেয়ে বেশি অপিয়াম পপি চাষ হয় এ অঞ্চলেই। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, হেলমান্দে অভিযান শুরুর আগে আফগানিস্তানে দক্ষিণপূর্বাঞ্চলে তাদের এক সেনাকে অপহরণ করা হয়েছে। একজন শীর্ষ তালেবান কমান্ডার অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে রয়টার্সকে জানান, পাকতিয়া প্রদেশে টহল দেওয়ার সময় ওই সেনাকে তারা ধরে নিয়ে গেছে। তিনি বলেন, মার্কিন বাহিনী বন্দি তালেবান যোদ্ধাদের ছেড়ে না দেওয়া পর্যন্ত এই সেনাকে আটক রাখা হবে। মার্কিন-আফগান বাহিনী হেলিকপ্টার নিয়ে এবং ন্যাটো বিমানের সহায়তায় হেলমান্দে অভিযান চালিয়ে যাচ্ছে। পাশাপাশি চলছে স্থল অভিযানও। ন্যাটো সেনারা কয়েক বছরেও অঞ্চলটি দখলে আনতে ব্যর্থ হয়েছে। কিন্তু এবার কমান্ডাররা আশা করছেন, কয়েক ঘন্টার মধ্যেই উপত্যকাটি নিয়ন্ত্রণে আনতে পারবেন তারা। আফগানিস্তানে ২০ আগস্টের প্রেসিডেন্ট নির্বাচনের আগে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটনো অভিযানের লক্ষ্য। দক্ষিণ আফগানিস্তানে মেরিন সেনা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ল্যারি নিকলসন অভিযান শুরুর আগে বলেন, "বিশাল বাহিনী নিয়ে দৃঢ় পদক্ষেপে, ঝড়ো গতিতে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। এভাবে আমরা দু'পক্ষের জীবন বাঁচাতে পারব।" বৃহস্পতিবার ভোরের আলো ফোটার আগেই রিভার উপত্যকার বিভিন্ন জায়গায় হেলিকপ্টার থেকে একের পর এক নামতে শুরু করে মেরিন সেনারা। ওদিকে, সেনা যান নিয়ে স্থলপথে অগ্রসর হয় কয়েক হাজার সেনা। ৪ হাজার মেরিন সেনাকে সহয়তা করতে মোতায়েন করা হয়েছে আরও হাজার হাজার সেনা। এই বিশাল বাহিনীর মুখে খুব শিগগিরিই তালেবানদের শক্তিশালী ঘাঁটির পতন ঘটবে বলে আশা প্রকাশ করেছেন নিকলসন। হেলমান্দে রয়েছে ১০ হাজার সেনা। এর মধ্যে ৮ হাজার ৫০০ সেনা মোতায়েন হয়েছে গত দু মাসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এমএইচবি/২০৫৯ ঘ.