নয়াদিল্লি, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ভারতীয় কাশ্মীরের উত্তরাঞ্চলীয় বিক্ষুব্ধ শহর বারমুল্লা থেকে বুধবার আধা-সামরিক বাহিনী প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ভারত-বিরোধী সহিংস বিক্ষোভকারীদের দমন করতে গত তিনদিনে আধা-সামরিকবাহিনী সেখানে গুলি চালিয়ে চারজনকে হত্যা করার পর সরকার এই পদক্ষেপ নিল।
কাশ্মীরে কোনো শহরের মধ্যে পাকিস্তান সীমান্তবর্তী বারমুল্লাতেই প্রথমবারের মতো আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব বর্তাচ্ছে পুলিশ বাহিনীর ওপর।
ভারত সরকার আগেই কাশ্মীর থেকে পর্যায়ক্রমে সেনাবাহিনী গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু গত সোমবার এক মুসলিম নারীর প্রতি পুলিশের অসম্মানজনক আচরণের অভিযোগে শহরটির মানুষ ক্ষোভে ফুঁসে ওঠায় সেখানে দ্রুত তা কার্যকর হল। বারমুল্লা ও পার্শ্ববর্তী সপোরে শহরে বিক্ষোভ দমন করতে গিয়ে চারজনকে হত্যা করে আধা-সামরিক বাহিনী। কর্তৃপক্ষ এই দুই শহরে বুধবার তৃতীয় দিনের মতো কারফিউ বহাল রেখেছে।
সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে "বারমুল্লাতে শিগগিরই আধা-সামরিক বাহিনীর পরিবর্তে জে এন্ড কে (জম্মু ও কাশ্মীর) সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ২৯ মে সপেরো শহরে ১৭ ও ২৯ বছর বয়সী দ্ইু নারীর মৃতদেহ পাওয়া যাওয়ার পর কাশ্মীর উপত্যকা জুড়ে ভারত বিরোধী বিক্ষোভ তীব্র আকার নিয়েছে। ওই দুই নারীকে নিরাপত্তা বাহিনী ধর্ষণের পর হত্যা করেছে বলে অভিযোগ করে এলাকাবাসী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১১৯ ঘ.
bdnews24