২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গাড়িবোমায় নিহত ৩২, যুক্তরাষ্ট্রের সতর্কতা

মার্কিন সেনারা মঙ্গলবার ইরাকি বাহিনীর হাতে কয়েকটি নগরীর নিরাপত্তা ভার হস্তান্তরের কয়েকঘণ্টার মধ্যেই কিরকুকে গাড়িবোমায় অন্ততপক্ষে ৩২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১শ'রও বেশি ইরাকি। পুলিশ একথা জানিয়েছে। ইরাক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে দিয়ে ওয়াশিংটন থেকে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সময়মত মার্কিন সেনা প্রত্যাহার ইরাকের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও সামনে 'কঠিন দিন' আসছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2009, 03:31 AM

Updated : 26 Aug 2022, 11:41 AM

বাগদাদ, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- মার্কিন সেনারা মঙ্গলবার ইরাকি বাহিনীর হাতে কয়েকটি নগরীর নিরাপত্তা ভার হস্তান্তরের কয়েকঘণ্টার মধ্যেই কিরকুকে গাড়িবোমায় অন্ততপক্ষে ৩২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১শ'রও বেশি ইরাকি। পুলিশ একথা জানিয়েছে। ইরাক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে দিয়ে ওয়াশিংটন থেকে প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সময়মত মার্কিন সেনা প্রত্যাহার ইরাকের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও সামনে 'কঠিন দিন' আসছে। ইরাকের কিরকুক নগরীর কুর্দি এলাকার একটি ব্যস্ত মার্কেটে ওই বোমা হামলা হয়। নিহতদের আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে ধ্বংসস্তুপ সরিয়ে প্রিয়জনদের লাশ খুঁজছে। বোমায় আহত তাসিন আজাদ (২১) এর উক্তি, "আমি বাজারে রুটি কিনতে গিয়েছিলাম। তখনই বিরাট একটি বিস্ফোরণ হয়। দেখলাম লোকজন রাস্তায় লুটিয়ে পড়ছে, দোকানপাট জ্বলছে, মানুষ মারা গেছে। এ সময় কেউ একজন আমাকে হাসপাতালে নিয়ে গেল।" কিরকুকে এই হামলার মধ্য দিয়ে ইরাকে নাজুক নিরাপত্তা পরিস্থিতিরই আলামত পাওয়া যাচ্ছে। কয়েক বছর ধরে ইরাকে সহিংসতা কমে এলেও জঙ্গিরা লাগাতার বোমা হামলা চালিয়ে যাচ্ছে। গত দু'সপ্তাহে ইরাকে কয়েক দফা বোমা হামলায় প্রায় ২৫০ জন নিহত হয়েছে। ইরাক-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় চুক্তির আওতায় সেনা প্রত্যাহারের প্রথম ধাপে মার্কিন সেনারা সোম ও মঙ্গল দুইদিনে বাগদাদসহ বেশ কয়েকটি শহর ও নগরী থেকে বিদায় নিয়েছে। চুক্তি অনুযায়ী, ২০১২ সালের মধ্যে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার পুরোপুরি শেষ করতে হবে। মার্কিন সেনাদের অনুপস্থিতিতে জঙ্গি হামলার মুখে অরক্ষিত হয়ে পড়ার আশঙ্কা করছে অনেক ইরাকি। তারপরও দেশে ছয় বছরের বিদেশি দখলদারিত্ব অবসানের আশায় ইরাকিরা উল্লাসিত। সোমবার বাগদাদ থেকে মার্কিন সেনাদের বিদায়লগ্নে যুক্তরাষ্ট্র নির্মিত গাড়িগুলোতে ইরাকের পতাকা আর ফুল দিয়ে সাজিয়ে ইরাকি সেনারা রাস্তায় রাস্তায় প্যারেড করেছে। 'জয়' ধ্বনি তুলে নেচে গেয়ে উল্লাস করে তারা। ইরাক সরকার ৩০ জুনকে 'জাতীয় স্বার্বভৌম দিবস' উল্লেখ করে জাতীয় ছুটি ঘোষণা করে। ইরাকি সেনাবাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নূরী আল মালিকি বলেছেন, "আমাদের সার্বভৌমত্ব শুরু হলো এবং এখন আমাদের উচিত একটি আধুনিক রাষ্ট্র গড়ার পথে এগুনো যে নিরাপত্তা ব্যবস্থা অর্জন করেছি তার সুফল ভোগ করা।" যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরাকি বাহিনীর হাতে নিরাপত্তা ভার দিয়ে মার্কিন সেনাদের এই বিদায়কে মাইলফলক আখ্যা দিয়েছেন। কিন্তু সামনে 'কঠিন দিন' আসছে বলেও তিনি সতর্ক করে দেন। তিনি বলেন, ইরাকের নেতাদেরকে নিরাপত্তা এবং রাজনীতি নিয়ে 'কঠিন বাছাইয়ের' মুখে পড়তে হবে। ইরাক আর কোনও ভুল না করার ব্যাপারে সতর্ক করে দিয়ে ওবামা বলেন, সামনের দিনগুলো আরও কঠিন হবে। তিনি বলেন, "আমরা ইতোমধ্যেই কিরকুকে কান্ডজ্ঞানহীন বোমা হামলা ঘটতে দেখলাম। এখানে কিছু লোক আছে যারা আরও বোমা হামলার মধ্য দিয়ে ইরাকি নিরাপত্তাবাহনী এবং জনগণের মনোবল পরীক্ষা করবে। তবে আমার বিশ্বাস তারা ব্যর্থ হবে।" তিনি আরও বলেন, "ইরাকের ভবিষ্যৎ এখন তাদের জনগণের হাতে। ইরাকের সুন্নি, শিয়া এবং কুর্দি নেতাদেরকে এখন রাজনৈতিক সংহতির পথে প্রকৃত বাধা দূর করতে বিরোধ নিস্পত্তির কঠিন পথ বেছে নিতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০৩৪ ঘ.