২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে গ্যাসভর্তি ট্রেনবগির বিস্ফোরণ, নিহত ১৫

ইতালিতে সোমবার রাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস পরিবহনের সময় একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বিস্ফোরিত হলে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা ৫০। হতাহতরা সবাই রেললাইনের পাশের বাড়িঘরের বাসিন্দা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2009, 10:03 AM

Updated : 26 Aug 2022, 11:40 AM

রোম, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---ইতালিতে সোমবার রাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস পরিবহনের সময় একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বিস্ফোরিত হলে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা ৫০। হতাহতরা সবাই রেললাইনের পাশের বাড়িঘরের বাসিন্দা। কর্মকর্তারা মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। ইতালির উত্তরের তুসকানের সাগরতীরবর্তী শহর ভিয়েরেজ্জিও শহরের রেলস্টেশনের কাছে মাঝরাতে ওই দুর্ঘটনার পরপরই প্রায় সহস্রাধিক লোককে সরয়ি নেওয়া হয়। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে বিহ্বল লোকজন ছোটাছুটি শুরু করে। টেলিভিশন চিত্রে দেখা যায়, আগুন শহরের রাস্তায় ছড়িয়ে পড়ে। রাস্তায় থাকা গাড়ি ও লাইনের পাশ্ববর্তী অনেক বাড়িতে আগুন ধরে যায়। দমকলকর্মীরা রাতভর আগুন নেভানোর চেষ্টা চালিয়ে গেছে। কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে অন্তত দুটি শিশু রয়েছে। এএনএসএ সংবাদ সংস্থা জানায়, এক ব্যক্তি উদভ্রান্তের মতো তার নাতিকে খুঁজতে খুঁজতে বলছিল, "তাকে দেখাও আমাকে, তাকে দেখাও আমাকে।" সংবাদ সংস্থাটি জানায়, বিস্ফোরণে দুটি বাড়ি ধসে পড়ে। ইতালির রাষ্ট্রীয় রেল বিভাগ জানায়, একটি বগি লাইনচ্যুত হয়ে পেছনের আরও চারটি বগিকে টেনে নিয়ে যায়। একটি বগির ট্যাংকার ফেটে গিয়ে তরলীকৃত গ্যাস বের হয়ে আগুন ধরে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭২৪ ঘ.