ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ১৯৯২ সালে হিন্দু মৌলবাদীরা হামলা চালিয়ে অযোধ্যার বাবরি মসজিদ ভাঙ্গার ১৭ বছর পর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে লিবারহান কমিশন। এনডিটিভি সূত্রে এ খবর জানা গেছে।
মঙ্গলবার অবসরপ্রাপ্ত বিচারপতি এমএস লিবারহান স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের উপস্থিতিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে প্রতিবেদন দাখিল করেন।
তাৎক্ষণিকভাবে প্রতিবেদনের বিষয়বস্তু জানা যায়নি।
বাবরি মসজিদ ভাঙার দু' সপ্তাহ পরেই ওই তদন্ত কমিটি গঠন করা হয়। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসীমা রাও। এ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৪৮ বার সময় বাড়ানো হয়েছে।
প্রতিবেদন জমা দিতে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করে লিবারহান বলেন, "দেরি হওয়ার কারণ এর বিষয়বস্তুই। কিন্তু প্রতিবেদনটি জনসম্মুখে প্রকাশিত না হওয়া পর্যন্ত আমি এ ব্যাপারে কিছুই বলব না।"
প্রতিবেদন জমা দেওয়ায় প্রতিক্রিয়ায় বিজেপি নেত্রী উমা ভারতী, যিনি বাবরি মসজিদ ভাঙ্গার দিন অযোধ্যাতেই ছিলেন, জানিয়েছেন, এর মাধ্যমে বিজেপি অভিযোগ থেকে দায়মুক্ত হবে।
তিনি বলেন, "বাবরি প্রতিবেদন প্রকাশ হওয়া জরুরি এবং বিজেপির ওই ঘটনার অভিযোগ থেকে মুক্তি পাওয়া উচিত।"
তিনি আরও বলেন, "আমি রামমন্দির চাই। তবে তা এভাবে বাবরি মসজিদ ভাঙা হোক তা চাইনি।"
মসজিদ ভাঙার ক্ষেত্রে কারা দায়ী তা বের করা খুব কঠিন হবে বলে তিনি মনে করেন।
কংগ্রেস মুখপাত্র মণিশ তিওয়ারি জানিয়েছেন, প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নিতে সরকারের কিছুটা সময় লাগবে।
লিবারহান কমিশন রিপোর্ট দাখিল করতে সবচেয়ে বেশি সময় নেওয়ার রেকর্ড গড়েছে। এ রিপোর্টের পেছনে ৮ কোটি রুপি খরচ হয়েছে।
তদন্ত প্যানেল লাল কৃষ্ণ আদভানী, পিভি নরসীমা রাও, কল্যাণ সিং, মুরলী মনোহর যোশী, উমা ভারতী এবং মুলায়ম সিং যাদবকে জিজ্ঞাসাবাদ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এমএইচবি/১৭০২ ঘ.
bdnews24