নিউ ইয়র্ক, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ কেলেঙ্কারির হোতা বার্নাড মেডফকে সোমবার ১৫০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বিনিয়োগকারীদের কোটি কোটি ডলার নিয়ে ধাপ্পাবাজি করার দায়ে বাকি জীবনটা জেলেই কাটাতে হবে কয়েক দশক ধরে ওয়াল স্ট্রিটের প্রভাবশালী এই ব্যক্তিকে।
ধাপ্পাবাজির শিকার হওয়া বিনিয়োগকারীরা আদালতে মেডফের বহু প্রতীক্ষিত বিচারের রায় ঘোষণার সময় আনন্দে হাততালি দিয়ে ওঠেন। মেডফকে 'পশু', 'হীন' 'নীচ' বলে গালিগালাজও করেন তারা।
ওদিকে, বিচারের রায় এবং গালাগালি শুনেও নির্বিকার দাঁড়িয়ে থাকেন ৭১ বছর বয়স্ক মেডফ। জেলের পোশোকের পরিবর্তে মেডফের পরনে ছিল সাদা শার্ট, গাঢ় বাদামী স্যুট এবং টাই।
এক পর্যায়ে আদালতে উপস্থিত লোকজনদের দিকে ঘুরে দাঁড়িয়ে তাদের কাছে ক্ষমা চান মেডফ। শান্ত স্বরে তিনি বলেন,
"বাকি জীবনটা আমি এই বেদনা, এই নিদারুণ যন্ত্রণা নিয়েই কাটাব।"
জালিয়াতি, অর্থ আত্মসাৎ এবং মিথ্যাচারসহ ১১ টি অভিযোগে দোষ স্বীকারের পর থেকে মেডফকে ম্যানহাটন কারাগারে রাখা হয়। প্রতারক মেডফ গত মার্চে একই আদালতে অপরাধ স্বীকার করে তার সব কৃতকর্মের ফিরিস্তি দেন। তার আইনজীবী ইরা লী সরকিন আদালতের কাছে মেডফের জন্য ১২ বছরের কারাদণ্ড আবেদন করেছিলেন।
কিন্তু বিচারক ডেনি চিন এই আবেদন প্রত্যাখ্যান করে বলেন, "তিনি মারাত্মকভাবে বিশ্বাস ভঙ্গ করেছেন। চরম অপরাধ করেছেন তিনি।" মেডফ নিজেও তার মারাত্মক অপরাধের কথা স্বীকার করেন। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, "আমার ব্যবসায় আপনারা ব্যবসায়িক ভুল করেছেন। ব্যবসায়িক ভুল মানুষ করতে পারে। সেটি মেনে নেওয়া যায়। কিন্তু আমার ভুল ছিল আরও মারাত্মক। আমি ভুল করেছি বিচার-বিবেচনায়।"
মেডফের কারসাজিতে অনেক বিনিয়োগকারীই তাদের সারা জীবনের সঞ্চয় খুইয়ে পথে বসেছেন। রায়ের দিন মেডফ বিচারকের সামনে তার কৃতকর্মের জন্য ওই অনুশোচনা জানান। বিশাল পরিমাণ অর্থ লোপাট এবং বিপুলসংখ্যক লোক তার অসাধুতার শিকার হওয়ার কারণেই সর্বোচ্চ শাস্তি পেলেন মেডফ।
আদালতের কাগজপত্র অনুযায়ী, বিনিয়োগকারীরা জানেন না তাদের কী পরিমাণ অর্থ লোপাট হয়েছে। মেডফের ১৩ শ'র বেশি গ্রাহকের হিসাবপত্র পরীক্ষায় প্রায় ১৩ বিলিয়ন ডলার গায়েব হওয়ার তথ্য জানা গেছে। মেডফের বিনিয়োগ প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে ট্রাস্টি বোর্ড এখন পর্যন্ত বিনিয়োগকারীদের ফেরত দেওয়ার জন্য মাত্র ১ শ ২০ কোটি ডলার সংগ্রহ করতে পেরেছে।
কৌঁসুলিরা বলছেন, মেডফের মূল একাউন্ট পরীক্ষা করে দেখা গেছে, গত ডিসেম্বরে সে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত কয়েক দশক ধরে শুধু এই একটি একাউন্ট থেকেই পাচার হয়ে গেছে ১৭০ বিলিয়ন ডলার। তার প্রতিষ্ঠান অবশ্য শুধু ৬৫ বিলিয়ন ডলারের হিসাব দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০২৭ ঘ.
bdnews24