সিডনি, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার জন্য 'ট্রোজান হর্স' থেরাপি উদ্ভাবন করেছেন। ব্যাকটেরিয়া থেকে উৎপাদন করা নেনো কোষ ক্যান্সার কোষের মধ্যে ঢুকে সেটিকে নিষ্ক্রিয় করবে। এরপর দ্বিতীয় যাত্রায় পাঠানো নেনো কোষ কেমোথেরাপি ওষুধের সঙ্গে মিলে ক্যান্সার কোষটিকে মেরে ফেলবে।
এটিই ট্রোজান হর্স থেরাপি যা কেমোথেরাপির সঙ্গে সরাসরি ক্যান্সার সেলের ওপর আঘাত হানবে। এখন পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত রোগীদের ইনজেকশনের মাধ্যমে যে কেমোথেরাপি দেওয়া হয় তা রোগীর ক্যান্সার কোষের সঙ্গে ভাল কোষগুলোকেও আক্রমণ করে।
সিডনির বিজ্ঞানী ড. জেনিফার ম্যাকডায়ারমিড ও ড. হিমাংশু ব্রহ্ম জানিয়েছেন, দুবছর ধরে তারা মানুষের ক্যান্সার সেল নিয়ে ইঁদুরের শরীরে 'ট্রোজান হর্স থেরাপির' পরীক্ষা চালিয়ে শতভাগ সফল হয়েছেন।
এই বিজ্ঞানীরা কয়েক মাসের মধ্যে মানুষের শরীরেও এর পরীক্ষা চালানোর পরিকল্পনা নিয়েছেন।
নেচার বায়োটেকনোলজি জার্নালের সর্বশেষ সংখ্যায় 'ট্রোজান থেরাপি' সম্পর্কে বিস্তারিত লিখেছেন ওই দুই বিজ্ঞানী। বলা হয়েছে, এই থেরাপির মাধ্যমে ইডিভি (এনজেনেল-সি ডেলিভারি ভিহাইকল) নামের মিনি-সেল ক্যান্সার সেলের সঙ্গে যুক্ত হয়ে ভিতরে প্রবেশ করবে। প্রথম অভিযানে পাঠানো মিনিসেলগুলো ক্যান্সার কোষে ঢুকেই ক্যান্সার কোষের প্রোটিন উৎপাদন বন্ধ করতে রাইবোনিউক্লিক এসিড মলিকিউল ছাড়বে। ওই প্রোটিনই কেমোথেরাপির বিরুদ্ধে ক্যান্সার সেলের প্রতিরোধ ক্ষমতা তৈরি করে।
দ্বিতীয় যাত্রায় পাঠানো ইডিভি সেলকে তখন গ্রহণ করবে ক্যান্সার সেল। এই সুযোগে ইডিভির সঙ্গে কেমোথেরাপি ওষুধ মিলে হত্যা করবে ক্যান্সার সেলটিকে।
ম্যাকডায়ারমিড বলেন, "মজার বিষয় হচ্ছে, আমাদের ইডিভি কাজ করে ট্রোজান হর্সের মতো। আক্রান্ত কোষগুলোর দরজায় গিয়ে তারা দাঁড়ায় এবং সবসময়েই ভিতরে প্রবেশাধিকার পায়।"
তিনি বলেন " খারাপ কোষগুলোর নিজস্ব খেলা নিয়েই খেলছি আমরা। তারা ওষুধ ঠেকানোর জন্য প্রোটিন পয়দা করতে জিনের সুইচ চালু করে দেয়। আমারা সেই সুইচ বন্ধ করে দিচ্ছি, এইসুযোগে ওষুধ ঢুকে যাচ্ছে ক্যান্সার কোষটির ভিতরে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১২২ ঘ.
bdnews24