তেহরান, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরান ১২ জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের আংশিক ভোট পুনর্গণনা শুরু করেছে সোমবার। ইরানের আল-আলম রাষ্ট্রীয় টেলিভিশন একথা জানিয়েছে।
ইরানের শীর্ষ আইনি প্রতিষ্ঠান দ্য গার্ডিয়ান কাউন্সিল দৈবচয়নের মাধ্যমে ১০ শতাংশ ভোট পুনর্গণনার প্রস্তাব দিয়েছে। কিন্তু নির্বাচনে পরাজিত বিরোধীদলীয় প্রার্থী মীরহোসেন মুসাভি এ প্রস্তাব প্রত্যাখ্যান করে পুরো নির্বাচনই বাতিলের দাবি জানিয়েছেন।
কিন্তু আল-আলম টেলিভিশন জানিয়েছে, তেহরানের ২২ টি জেলা এবং প্রদেশে ভোট পুনর্গণনা শুরু হয়ে গেছে। ১২ সদস্যের গার্ডিয়ান কাউন্সিল সোমবার দিনশেষেই চূড়ান্ত রায় জানাবে বলে মনে করা হচ্ছে।
মুসাভি নির্বাচন বাতিলের দাবি করে আসলেও গার্ডিয়ান কাউন্সিল বরাবরই তা নাকচ করে আসছে এবং নির্বাচনে বড় ধরনের কোনও অনিয়ম ঘটেনি বলে দাবি করেছে।
১২ জুনে নির্বাচনের পরদিন প্রকাশিত ফলে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের জয় ঘোষণা করা হয়। এরপরপরই ভোট ডাকাতির অভিযোগে বিক্ষোভ শুরু করে নির্বাচনে পরাজিত প্রার্থী মীরহোসেন মুসাভির সমর্থকরা।
বিতর্কিত ওই নির্বাচন এবং পরবর্তী বিক্ষোভ-সহিংসতার ঘটনা ইরানে রাজনৈতিক অঙ্গনে বিভক্তি সৃষ্টি করেছে এবং ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর সবচেয়ে বড় সংকটে নিমজ্জিত হয়েছে দেশটি।
নির্বাচন পরবর্তী সহিংসতায় ইরানে ২০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩১৪ ঘ.
bdnews24